খুলনা, জুলাই ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে)- খুলনার খালিশপুর শিল্পাঞ্চলের ক্রিসেন্ট জুট মিলের আরো ৩৩৬ জন শ্রমিককে ছাঁটাই করেছে মিল কর্তৃপক্ষ। শুক্রবার বিকাল ৪টায় মিলের ফটকে ছাঁটাইকৃত শ্রমিকদের তালিকা টানিয়ে দেওয়া হয়।
গত জুন থেকে তিন দফায় এই মিলের মোট ৯৮১ জন শ্রমিককে ছাঁটাই করা হলো।
ক্রিসেন্ট জুট মিলের সিবিএ নেতা মোহাম্মদ আলী অভিযোগ করেন, বৃহস্পতিবারে ক্রিসেন্ট জুট মিলের প্রধান শেখ শামিম আহমেদের বাড়িতে এক সভায় শ্রমিক ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয় মিল কর্তৃপক্ষ। ওই সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার বিকাল ৪টায় মিল গেটে ছাটাইকৃত শ্রমিকদের তালিকা টানিয়ে দেওয়া হয়।
এই ঘটনায় ছাঁটাই হওয়া শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে বলে জানান মোহাম্মদ আলী।
ক্রিসেন্ট জুট মিল থেকে এর আগে গত ৪ ও ৫ জুন ২৯০ জন এবং ২৫ জুন ৩৫৫ জন শ্রমিক ছাঁটাই করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে/প্রতিনিধি/জেকে/২০০৬ ঘ.
bdnews24