সাভার, জুলাই ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও ফেরদৌস আহমেদ কোরেশীর 'নতুন দল' গঠন প্রক্রিয়ায় যুক্ত ফিরোজ কবীরের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা হয়েছে।
উপজেলার নলাম এলাকার প্রিয়াংকা গার্মেন্টস কারখানার মহাব্যবস্থাপক নাছির উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে আশুলিয়া থানায় মামলাটি করেন।
মামলায় ফিরোজ কবীরসহ ছয় জনের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে বলে জানান আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামরুল ইসলাম।
এজাহারে বলা হয়, বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে ফিরোজ কবীর এবং তার সহযোগী শাহ আলম(৪৫), কামরুল আমান(৪৫), খালেকুজ্জামান(৬০), জামান হায়াত খান(২৭), আল আমিন(৩৩)সহ অজ্ঞাতনামা বেশ কয়েকজন ওই গার্মেন্টস কারাখানায় গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা কারখানায় ভাংচুর এবং বাদীর বাবা তফিজ উদ্দিন ও ভাই সোহেলকে মারধর করে।
মামলার আসামীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে ওসি কামরুল ইসলাম জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৫৩ ঘ.
bdnews24