২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যায়পাল নিয়োগ হচ্ছে, মানবাধিকার কমিশনও শিগগির

ন্যায়পাল নিয়োগ এবং স্বাধীন মানবাধিকার কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বৃহস্পতিবার সকালে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ন্যায়পাল নিয়োগের বিষয়ে আমরা চিন্তাভাবনা করছি। তবে এজন্য জনমত তৈরী করতে হবে।" এজন্য তিনি গণমাধ্যমের সহায়তা দরকার বলেও জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2007, 09:36 AM

Updated : 26 Aug 2022, 08:16 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---ন্যায়পাল নিয়োগ এবং স্বাধীন মানবাধিকার কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বৃহস্পতিবার সকালে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ন্যায়পাল নিয়োগের বিষয়ে আমরা চিন্তাভাবনা করছি। তবে এজন্য জনমত তৈরী করতে হবে।" এজন্য তিনি গণমাধ্যমের সহায়তা দরকার বলেও জানিয়েছেন তিনি। স্বাধীন মানবাধিকার কমিশন গঠনের বিষয়ে তিনি বলেন,"এবিষয়ে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। কাজ চলছে, খুব শিগগিরই কমিশন গঠন করা হবে।" উপদেষ্টা বলেন, "সেনা বাহিনী প্রধান ন্যায়পাল নিয়োগের বিষয়ে বলেছেন, এটা আমাদের সংবিধানেও আছে । সরকারও বিষয়টি নিয়ে ভাবছে"। তিনি বলেন, "অতীতের রাজনৈতিক সরকারগুলো ন্যায়পাল নিয়োগ দিতে পারতো। কিন্ত তারা এদিকে নজর না দিয়ে অন্য বিষয় নিয়ে বেশী ব্যস্ত ছিল। ফলে বিষয়টি আজ আমাদের ভাবতে হচ্ছে।" ১৯৭২ সালে সংবিধানের ৭৭ অনুচ্ছেদে ন্যায়পাল নিয়োগের বিধান যুক্ত করা হয়। কিন্তু সে সময় ন্যায়পাল নিয়োগ বা এর অফিস প্রতিষ্ঠার বিষয়ে আইন ছিল না। পরে ১৯৮০ সালে এ সংক্রান্ত আইন করা হয়। প্রায় ২৬ বছর আগে আইন হলেও এখন পর্যন্ত ন্যায়পাল নিয়োগ হয়নি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় ন্যায়পাল আইনটি যুগোপযোগী করার জন্য বৈঠক করে। আইনের খসড়াও তারা তৈরি করেছিল। শেষ পর্যন্ত খসড়া তৈরির মধ্যেই তাদের কাজ সীমাবদ্ধ ছিল। বিএনপি সরকার জোটভুক্ত হয়ে ক্ষমতা গ্রহণের পর ২০০২ সালের ৬ জানুয়ারি প্রজ্ঞাপন প্রকাশের মাধ্যমে ন্যায়পাল আইন বলবৎ করে। কিন্তু আইনটি অনেক পুরনো হওয়ায় এটি সংশোধনের মাধ্যমে কার্যকর করা হবে বলে সে সময় বলা হয়েছিল। সে লক্ষ্যে আইনটি সংশোধন করা হয়। সরকার গঠনের প্রথম দিকেই সংশোধিত খসড়াটি তৈরি করা হলেও এটি অনুমোদনের জন্য বিল আকারে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হয়নি। খসড়াটি এখনও আইন মন্ত্রণালয়েই পড়ে রয়েছে বলে মন্ত্রনালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন। ন্যায়পাল মূলত, ওয়াচডগ হিসাবে কাজ করবেন। প্রশাসন যন্ত্রের কোথাও অনিয়ম হলে তা তদন্ত করবে এবং রিপোর্টের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ সরকার প্রধানের কাছে রিপোর্ট করবে। ন্যায়পাল তাদের সারা বছরের কাজের প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে দেবে। এদিকে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাধীন মানবাধিকার কমিশন গঠন সংক্রান্ত একটি প্রস্তাব উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হয়। সেই বৈঠকেই কমিশন গঠনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে এবিষয়ে আইন মন্ত্রণালয়ে ভেটিং'এর কাজ চলছে। ভেটিং শেষ হলে চূড়ান্ত অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে। স্বাধীন মানবাধিকার কমিশন দেশের মানুষের মানবাধিকার সংরক্ষণ এবং মানবাধিকার লংঘন প্রতিরোধে কাজ করবে। কোথাও মানবাধিকার লংঘনের ঘটনা ঘটলে সে বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে সুপারিশ করবে। তাদের সুপারিশ সরকার বাস্তবায়ন করছে কিনা তা তদারক করবে কমিশন। সাধারণ জনগণকে তাদের অধিকারের ব্যপারে সচেতন করে তুলবে কমিশন। কোন ধরনের কাজ করলে মানবাধিকার লংঘন হতে পারে সে বিষয়ে সচেতন করার পাশাপাশি কোথাও মানবাধিকার লংঘনের ঘটনা ঘটে থাকলে তা কমিশন বা নিকটবর্তী থানাকে অবহিত করার জন্য জনগণকে উদ্ধুদ্ধ করা হবে। এছাড়া কমিশন আরো কি কাজ করবে তা নির্ধারণ করার লক্ষ্যে আ্ইন মন্ত্রণালয় কাজ করছে। গত বিএনপি সরকার মানবাধিকার কমিশন গঠন করার বিষয়ে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করে। কমিটি চারবার বৈঠকে বসে মানবাধিকার সংরক্ষণ আইন ২০০২ এর খসড়া চূড়ান্ত করে। এরপর খসড়াটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হয়। খসড়াটি আরো পরীক্ষা করে দেখার জন্য সেসময় মন্ত্রিসভা থেকে ফেরত পাঠানো হয়েছির। এরপর সংশ্লিষ্ট মন্ত্রিসভা কমিটি এ সংক্রান্ত আইন সংশোধন করার জন্য একবার মাত্র বৈঠকে বসেছিল। বর্তমান সরকার সেখান থেকে কাজ শুরু করে মানবাধিকার কমিশন গঠনের বিষয়ে অনেক দূর এগিয়ে গেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এএইচডি-ইএইচবি/জিএনএ/১৫০০ ঘ.