ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের পাশাপাশি গ্যাসের জন্যও প্রিপেইড মিটার চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এই মিটার সংযুক্ত (অ্যাসেম্বলিং) করার কাজ দেশেই করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরী।
বুধবার জ্বালানি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "সরকার গ্যাসের জন্যও প্রিপেইড মিটার চালু করতে যাচ্ছে। এই মিটার দেশেই অ্যাসেম্বলিং করা হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এর নকশা তৈরি করে দিচ্ছে।"
তিনি জানান, ঢাকা মহানগরীতে গ্যাসের মিটার সরবরাহের জন্য বুয়েটের সঙ্গে একটি চুক্তি করেছে ডেসকো। এই চুক্তির আওতায় পাঁচ হাজার মিটার অ্যাসেম্বলিং করবে তারা।
তপন চৌধুরী বলেন, "আমি বিদেশ থেকে আমদানি করা মিটারের ওপর বিশ্বাস রাখতে পারি না। এর আগে চীন থেকে আনা প্রিপেইড মিটারের জন্য সরকারকে লোকসান দিতে হয়েছে।"
তাছাড়া মিটার সংযুক্ত করার কাজটি দেশেই করা হলে কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে। বিশেষ করে মেয়েদের পক্ষে এই কাজ খুবই সহজ হবে বলে মন্তব্য করেন তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/আরবি/জেকে/এমএইচবি/১৯৫৩ ঘ.
bdnews24