২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারণার মামলায় পঞ্চগড়ে পৌর চেয়ারম্যানের কারাদণ্ড

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে পঞ্চগড় পৌরসভার চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি তৌহিদুল ইসলামকে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শফিউল আলম ওই রায় দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2007, 10:10 AM

Updated : 26 Aug 2022, 08:16 PM

পঞ্চগড়, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে পঞ্চগড় পৌরসভার চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি তৌহিদুল ইসলামকে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শফিউল আলম ওই রায় দেন। রায়ে অভিযুক্তকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাস কারাদণ্ডাদেশের নির্দেশ দেওয়া হয়। বিচারক তার রায়ে উল্লেখ করেন, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৪২০ ধারায় আসামীকে দুই বছর সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আর ২ মাস কারাদণ্ড এবং ৪০৬ ধারায় তিন বছর সশ্রম কারাদণ্ডসহ ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আর তিন মাস কারাদণ্ডের নির্দেশ দেওয়া হলো। এ সময় কাঠগড়ায় উপস্থিত বিএনপি নেতা তৌহিদুল ছিলেন নির্বিকার। রায় ঘোষণার পর কড়া পুলিশ পাহারায় তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। তবে আসামী পক্ষের আইনজীবী বলরাম গুহ ঠাকুরতা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান। মেয়েকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার নামে ৩৫ হাজার টাকা নিয়ে আত্মাতের অভিযোগে গত ২৭ এপ্রিল শহরের ইসলামবাগ মহল্লার আনোয়ার হোসেন পৌর চেয়ারম্যানের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। বিএনপির এ নেতার বিরুদ্ধে আরও দুটি প্রতারণার মামলা এবং জরুরি ক্ষমতা বিধিমালায় অপর একটি মামলা বিচারাধীন রয়েছে। তৌহিদুলকে গত ২৫ এপ্রিল তার বাসা থেকে পুলিশ আটক করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬০০ ঘ.