ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সেনাবাহিনী প্রধান মইন উ আহমেদ মনে করেন, আগামী নির্বাচনের পর নতুন সরকার সংবিধান পর্যালোচনা ও সংশোধনের ব্যাপারটি গুরুত্ব নিয়ে বিবেচনা করবে। সরকারকে কোনো নির্দেশনা না দেওয়ায় সেনাবাহিনী বিতর্কিত হয়নি দাবি করে তিনি বলেন "যদি নির্দেশনা দিতাম তাহলে আমরাই ক্ষমতায় থাকতাম। এটা করলে সবগুলো বন্দুক আমাদের দিকে তাক করা হতো এবং আমরা শেষ হয়ে যেতাম।"
তিনি মঙ্গলবার 'ডেমোক্রেটিক একাউন্টেবিলিটি অ্যান্ড ওয়ে টু কার্ব করাপশন' শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন। বাংলাদেশ ইনিস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (বিআইপিএসএস) এবং আমেরিকান সেন্টার যৌথভাবে সেমিনারটি আয়োজন করে।
রেডিসন হোটেলে ওই অনুষ্ঠানে তিনি মূল প্রবন্ধে পরবর্তী নির্বাচিত সরকারের করণীয় সম্পর্কে বেশ কিছু সুপারিশ তুলে ধরেন। আগামী বছরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে সেনা প্রধান বলেন, ভবিষ্যত নির্বাচিত সরকারকে অবশ্যই চলমান দুর্নীতিবিরোধী অভিযান এগিয়ে নিতে হবে।
প্রবন্ধ পাঠ শেষে ২০০৮ এর মধ্যে নির্বাচন বিষয়ে আওয়ামী লীগের এক সাবেক সাংসদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "ট্রয়কা আমাকে কিছু প্রশ্ন করেছিল। ২০০৮ সালের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আমি তাদের আশ্বস্ত করেছি। আপনাদেরও একই কথা বলতে চাই। ২০০৮ পর্যন্ত অপেক্ষা করুন।"
পরবর্তী সরকারের করণীয়র ব্যাপারে মইন উ আহমেদ বলেন, "পরবর্তী সরকারে যেই আসুক বর্তমান দুর্নীতি বিরোধী অভিযান চালু রাখতে হবে, কারণ এটা জাতীর অস্তিত্বের জন্য হুমকি।"
সরকারের মধ্যে সেনাবাহিনীর ভূমিকার ব্যাপারে সেনা প্রধান দৃঢ়তার সঙ্গে বলেন, "তত্ত্বাবধায়ক সরকার সাংবিধানিকভাবে ক্ষমতায় এসেছে। আমি আপনাদের আবারও নিশ্চিত করছি সেনাবাহিনী কোনোভাবে সরকার পরিচালনার বিষয়ে মাথা গলাবে না। সরকার একটি সিদ্ধান্ত নেওয়ার পর আমরা সেটা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব। সরকারের কোনো বিষয়ে সেনাবাহিনী নির্দেশনা দিচ্ছে না।"
তিনি আরও বলেন, "বাংলাদেশ সেনাবাহিনী এসবে জড়াতে চায় না। কারণ এটা সেনাবাহিনীর কাজ নয়। আমরা অপেক্ষায় আছি কখন রাজনৈতিক দলগুলো একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ব্যাপারে একমত হতে পারবে।"
সা
bdnews24