২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষতিপূরণের পাশাপাশি অধিগ্রহণ করা ভূমির মালিকদের পুনর্বাসনও করা হবে: মইনুল

ভূমি অধিগ্রহণ আইন সংস্কার করা হবে জানিয়ে আইন ও ভূমি উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেছেন, আগে যেখানে অধিগ্রহণ করা ভূমির মালিকদের শুধু আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হতো, এখন তাদের পূর্ণ পুনর্বাসন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2007, 07:51 AM

Updated : 26 Aug 2022, 08:16 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ভূমি অধিগ্রহণ আইন সংস্কার করা হবে জানিয়ে আইন ও ভূমি উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেছেন, আগে যেখানে অধিগ্রহণ করা ভূমির মালিকদের শুধু আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হতো, এখন তাদের পূর্ণ পুনর্বাসন করা হবে। মঙ্গলবার এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) এর সহায়তায় ভূমি মন্ত্রণালয় আয়োজিত 'নগর উন্নয়ন, জনস্থানচ্যুতি ও পুনর্বাসন কার্যসূচি' শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা এ কথা জানান। জাতীয় পুনর্বাসন নীতিতে এডিবির কারিগরি সহায়তা প্রকল্পের অংশ হিসেবে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মইনুল বলেন, "সরকারি স্থাপনা বা অবকাঠামো নির্মাণের জন্য প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণের সময় প্রচলিত আইনে ভূমি মালিকদের শুধু আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়। কিন্তু এখন মানবিক কারণে তাদের পুরোপুরি পুনর্বাসন করবে সরকার। তাদের জমির দাম দেওয়ার পরও তাদের কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হবে।" এডিবির আবাসিক প্রতিনিধি হুয়া দু বলেন, "ভূমি অধিগ্রহণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে বিলম্ব প্রকল্পের গতি কমিয়ে দেয়। এর ফলে প্রকল্পের ব্যয় বেড়ে যায় এবং ক্ষতিগ্রস্তরা চরমভাবে সামাজিক ও অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হন। সর্বোপরি এ বিলম্ব তাদের চরম দারিদ্র্যের দিকে নিয়ে যায়।" বাংলাদেশ সরকারের অনুমোদিত স্বাভাবিক পুনর্বাসন কর্মসূচিতে এডিবির পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। ব্রাক সেন্টারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোসলেহ উদ্দীন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমআই/১৩২৬ ঘ.