২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ জেলায় সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় রোববার নয়জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫২ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2007, 04:18 PM

Updated : 26 Aug 2022, 08:15 PM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় রোববার নয়জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫২ জন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর- কুষ্টিয়া: রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস রোববার দুপুরে জেলার লাহিনীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে শিশুসহ তিনজন নিহত এবং আটজন আহত হন। নিহতরা হলেন, আকসার আলী আসকর (৬৫), জহুরা খাতুন (৩৫) ও আট মাসের শিশু মৌ। আহতরা হলেন, আবু দাউদ (৪০), মোতালেব (৩৮), হেলাল (২৫), সেন্টু (২৪), আজমত (৩৫), মেজবার (৩২), লিয়াকত (৪০) ও রতন (৩০)। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন জানান, চালক তাড়াহুড়ো করে বাসটি চালানোর সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে। গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা গ্রামে ঢাকা-খুলনা মহাসড়কে দুপুরে ট্রাকচাপায় এক টেম্পু চালকসহ দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহতরা হলেন, ডুমদিয়া গ্রামের টেম্পুচালক নিজাম গাজী (৩৫) ও চন্দ্র দিঘলিয়া গ্রামের ইমাম হোসেন । সদর থানার উপ-পরিদর্শক আবু আজিফ জানান, একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিজয়পাশা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী চারটি টেম্পু ও পাঁচটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। দুর্ঘটনাকবলিত ট্রাকটি টেম্পুগুলোসহ পরে খাদে পড়ে যায়। কিশোরগঞ্জ: পাকুন্দিয়া উপজেলার বৈশাখী ফিলিং স্টেশনের কাছে ভৈরব সড়কে রোববার সকালে বিপরীত দিক থেকে আসা একটি বাসকে পাশ কাটাতে গিয়ে ঢাকাগামী ঈশা খাঁ সার্ভিসের একটি বাস। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা দুজন নিহত ও ২০ জন আহত হন। আহতদের মধ্যে ৯ জনকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এরা হলেন, শওকত আলম (৪৫), আবদুল কুদ্দুস (৬০), আবদুস সালাম (৩৭), আবদুল কালাম (৩৩), চুনু মিয়া (৫০), মুখলেসুর রহমান (৩০), বাবুল মিয়া (২৫), মতিউর রহমান (৪০) ও মাসুদ (২৫)। সাদেকুর রহমান (৩৫) নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোববার রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত দুজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। তাদের লাশ কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে রয়েছে। বাসটির চালক পালিয়ে গেছে বলে তিনি জানান। চাঁদপুর: জেলার হাজীগঞ্জ উপজেলায় বাসের চাপায় পিষ্ট হয়ে জয়চন্দ্র দাস নামে নয় বছরের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী জহিুরুল ইসলাম জানান, হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জে জয়চন্দ্র স্কুল ছুটির পর রাস্তা পার হচ্ছিল। এ সময় কুমিল্লা থেকে চাঁদপুরগামী বোগদাদ পরিবহনের একটি বাস শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক আবুল কাশেম জানান, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা প্রায় তিনঘণ্টা কুমিল্লা-চাঁদপুর সড়ক অবরোধ করে রাখে। এছাড়া জেলার সদর উপজেলার বাগড়া বাজার এলাকায় চাঁদপুর থেকে ফরিদপুরগামী জিত পরিবহনের একটি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ১৫ যাত্রী আহত হন। ফরিদপুর: ঢাকা-ফরিদপুর মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা-জোয়াইরের মোড়ে যাত্রীবাহী বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে রাজেদ মোল্লা (৬৫) নামে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। নিহত রাজেদ মোল্লার বাড়ি জেলার নগরকান্দা উপজেলার ছোট পাইককান্দি গ্রামে। কোতয়ালি থানার উপ-পরিদর্শক মো. কামরুজ্জামান জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বাসটি আটক করা যায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/২২১১ ঘ.