ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রতি বছর বাংলাদেশ থেকে ১৫ হাজার নারী ও শিশু বিভিন্ন দেশে পাচার হয়ে যাচ্ছেন। এদের ৮০ শতাংশই শিশু। ২০টি জেলার ৯৩টি পয়েন্ট দিয়ে তাদের পাচার করা হচ্ছে।
রোববার জাতীয় প্রেসক্লাবে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা আয়োজিত 'মানব পাচার রোধ ও নারীর প্রতি সহিংসতা হ্রাস' শীর্ষক আলোচনা সভায় পুলিশ প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। বক্তারা নারী পাচারের ভয়াবহতা ও তা প্রতিরোধে করণীয় সম্পর্কেও আলোচনা করেন।
মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মমতাজ রুমীর সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন সংস্থার পরিচালক সৈয়দা ফায়িযা মমতাজ।
মমতাজ রুমী বলেন, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত প্রায় ১০ লাখ নারী ও শিশু দেশ থেকে পাচার হয়ে গেছেন। এর মধ্যে ৪ লাখ নারীকে ভারতে যৌনকর্মী হিসেবে কাজ করতে বাধ্য করা হচ্ছে। পাকিস্তানে যৌনকর্মী হিসেবে রয়েছেন ১০ হাজারেরও বেশি নারী। এছাড়া পাচার করা নারীদের বিভিন্ন দেশে বাসাবাড়ি ও কলকারখানায় শ্রম দিতে বাধ্য করা হচ্ছে। শিশুদের বিকলাঙ্গ করে ভিক্ষাসহ নানা ধরনের কাজে বাধ্য করার কথাও শোনা যাচ্ছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, "বিদেশে পাচার হওয়া নারী ও শিশুরা নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। তাদের দেশে ফিরিয়ে আনার তেমন কোনো উদ্যোগও নেই। নাগরিকদের নিরাপত্তা ও মানবাধিকার রক্ষার দায়িত্ব রাষ্ট্রের। তবে সমাজের সচেতন মানুষের সম্মিলিত চেষ্টা ছাড়া এই অপরাধ দমন সম্ভব নয়।"
সাবেক উপদেষ্টা বলেন, "শ্রম যেখানে থাকবে সেখানে শ্রমিক যেতে পারলে পাচার ঠেকানো যেত। আজ পর্যন্ত প্রতিবেশী দেশগুলোতে বিনা ভিসায় যাওয়া-আসার ব্যবস্থা করতে পারিনি আমরা। অথচ আসিয়ান দেশগুলোর মানুষ এই সুবিধা পাচ্ছেন।"
শিশু ও নারীর ওপর পারিবারিক নির্যাতন বন্ধের জন্যও আইন করা দরকার বলে মন্তব্য করেন তিনি।
মমতাজ রুমী বলেন, "আমরা গবেষণায় দেখেছি, যেসব পরিবারে অশান্তি বেশি সেসব পরিবারের ওপর নজর রাখে পাচারকারীরা। পারিবারিক অশান্তির কারণে পাচার হওয়া অনেকেই পরে আর মা-বাবার কারণে পরিবরে ফিরতে চান না। কেউ কেউ পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও সামাজিকভাবে সম্মানহানির ভয়ে মা-বাবা তাদের আর ফিরিয়ে নিতে চাননি।"
সেন্টার ফর উইমেন এন্ড চিলড্রেন স্টাডিজ এর চেয়ারপার্সন অধ্যাপক ইসরাত শামীম বলেন, "২০০৬ সালে আমরা ৬টি জাতীয় দৈনিকের খবর বিশ্লেষণ করে দেখেছি ওই বছর তিন হাজারেরও বেশি শিশু নিখোঁজ বা পাচার হয়েছে।"
তিনি বলেন, "পাচার রোধে গ্রাম পুলিশকে কাজে লাগানো যেতে পারে।"
প্রিপ ট্রাস্টের নির্বাহী পরিচালক অ্যারোমা দত্ত বলেন, "নারী ও শিশু পাচার রোধে আন্তঃদেশীয় নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। এতে একদেশের সংগঠন আরেক দেশকে সহযোগিতা করতে পারবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/জেকে/১৯০৮ ঘ.
bdnews24