ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগ শুরুর লক্ষ্যে কলকাতা থেকে পরীক্ষামূলক যাত্রা শুরু করা মৈত্রী ট্রেনটি রোববার দুপুর ১টা ৫৫ মিনিটে পাবনার ঈশ্বরদী পৌঁছে। সেখানে পাঁচ মিনিট যাত্রা বিরতি শেষে ২টায় এটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছে।
রেলওয়ের পশ্চিম জোনের উপমহা ব্যবস্থাপক আমজাদ হোসেনের উদ্ধৃতি দিয়ে বিডিনিউজ টুয়েন্টিঢোর ডটকম-এর পাবনা প্রতিনিধি জানান, বেলা ১টা ৫৫ মিনিটে ট্রেনটি ঈশ্বরদী এলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর ও রেলওয়ের কর্মকর্তারা ফুল দিয়ে ভারতীয় প্রতিনিধি দলকে স্বাগত জানান। পাঁচ মিনিট যাত্রা বিরতি শেষে ট্রেনটি আবার ঢাকার উদ্দেশে রওনা হয়। ওই সময় কয়েকশ জনতা স্টেশনে ভিড় জমায়।
কলকাতা থেকে ছেড়ে ১১টা ৭মিনিটে ট্রেনটি বাংলাদেশের দর্শনায় এসে পৌঁছে।
চুয়াডাঙ্গা থেকে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান, বাংলাদেশ রেলওয়ের চিফ পারসোনাল অফিসার মো. শাহজাহান এবং রেলওয়ে পশ্চিম জোনের বিভাগীয় কর্মকর্তা আনোয়ারুল হক ট্রেনে চড়ে আসা ভারতের প্রতিনিধি দলকে স্বাগত জানান। পরে সফরকারি দলের সদস্যদের ইমিগ্রেশন সংক্রান্ত কাজ হয়। এ সময় ট্রেনের ইঞ্জিনও পরিবর্তন করা হয়।
কলকাতা থেকে দর্শনা পর্যন্ত মৈত্রীর চালক ছিলেন ভারতের শিলাজিৎ চক্রবর্ত্তী। তবে ইঞ্জিন পরিবর্তনের পর পরই চালকের আসনে বসেন বাংলাদেশের শওকত আলী। ১১টা ৫৫ মিনিটে ট্রেনটি দর্শনা ছাড়ে।
সফরকারী দলের প্রধান ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ ই আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ট্রেন চলাচলের মধ্য দিয়ে দুই দেশের সৌহার্দ্যমূলক সম্পর্ক আরও গাঢ় হবে।"
কবে থেকে রেল যোগাযোগ পুরোপুরি চালু হবে- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "দুই দেশের বৈঠকের পর সে সিদ্ধান্ত নেওয়া হবে।"
ঢাকা-কলকাতা সরাসরি রেল যোগাযোগ চালুর বিষয়ে আলোচনা করতে ভারতের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে রোববার সকালে ট্রেনটি ঢাকার উদ্দেশে কলকাতা ছাড়ে।
রোববার সকালে রেলওয়ের মহাপরিচালক বেলায়েত হোসেন টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন," ভারতের সময় সকাল সাতটায় মৈত্রী যাত্রা শুরু করেছে। ৩২ জনের একটি প্রতিনিধি দল নিয়ে বিকাল চারটা নাগদ ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশনে এসে পৌঁছনোর কথা রয়েছে ট্রেনটির।"
দুই দেশের মধ্যে দীর্ঘ আলোচনার পর এটি ভারতীয় ট্রেনের পরীক্ষামূলক যাত্রা।
ভারতীয় প্রতিনিধি দলটি ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত ঢাকায় থেকে দুই দেশের রেল যোগাযোগ চালু করার অমীমাংসিত বিষয়গুলো চূড়ান্ত করতে বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক জানান, অতিরিক্ত সচিব পর্যায়ে দুদিনব্যপী বৈঠক হবে। নয়- দশ জুলাই দুদিনের বৈঠকে সীমান্তে কাস্টমস ও ইমিগ্রেশন সুবিধা এবং সপ্তাহে কয়টি ট্রেন যাতায়াত করবে এসব বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা হবে।
মঙ্গলবার সরকার ভারতীয় প্রতিনিধি দলকে ট্রেনে করে ঢাকায় আসার অনুমতি দেয়। বাংলাদেশ ও ভারত সরকারের ঘোষণা অনুসারে চলতি বছরের জুলাইয়ের তৃতীয় সপ্তাহে ঢাকা-কলকাতা ট্রেন সার্ভিস চালুর সম্ভাবনা রয়েছে। ২০০১ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে পরীক্ষামূলক ট্রেন চালানো হয়, শেষ পর্যন্ত তা আর চালু হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/এএল/এমআই/১৪২১ ঘ.
bdnews24