ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গুদামে শনিবার রাতে আগুনে লেগে রক্ষিত মালামাল পুড়ে গেছে। আগুনের সঠিক কারণ জানা যায়নি। তবে শীতাতপ যন্ত্রের সিলিন্ডার থেকে এর সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দমকল নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্য কর্মকর্তা শহীদ হোসেন জানান, রাত সোয়া ১০টায় গুদামে আগুন ছড়িয়ে পড়ে। দমকলের টঙ্গী ও কুর্মিটোলা স্টেশনের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টার পর আগুন পুরোপুরি নিভিয়ে ফেলতে সক্ষম হয়। এখন ক্ষয়ক্ষতির হিসেব চলছে।
এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক মশিউর রহমান জানান, কাস্টমসের একটি গ্যারেজ- যা এখন গুদাম হিসেবে ব্যবহার করা হচ্ছে সেখানে শীতাতপ যন্ত্রের সিলিন্ডার থেকে আগুন ধরে যায়। পরে সেখানকার কর্তব্যরত আনসার সদস্যরা ও দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি জানান, আগুনে গুদামে রাখা কিছু পুরনো বস্তা, কম্পিউটর, প্লাস্টিকের ড্রাম ও ওই ধরনের আরও কিছু সিলিন্ডারের ক্ষতি হয়েছে। কাস্টমসের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএনডি/১২২৭ ঘ.
bdnews24