২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় মাসে সন্ত্রাস ও দুর্ঘটনায় কর্মক্ষেত্রে ১৭১ শ্রমিক নিহত: বিলস

২০০৭ সালের প্রথম ছয় মাসে কর্মক্ষেত্রে দুর্ঘটনা ও সন্ত্রাসের কারণে কমপক্ষে ১৭১ জন শ্রমিক নিহত এবং এক হাজার ৫০ জন শ্রমিক আহত হয়েছেন। আর যৌন নিপীড়নের শিকার হয়েছেন ১৪ জন নারী শ্রমিক। সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের ওপর ভিত্তি করে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) শনিবার এ তথ্য জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2007, 03:53 PM

Updated : 26 Aug 2022, 08:15 PM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ২০০৭ সালের প্রথম ছয় মাসে কর্মক্ষেত্রে দুর্ঘটনা ও সন্ত্রাসের কারণে কমপক্ষে ১৭১ জন শ্রমিক নিহত এবং এক হাজার ৫০ জন শ্রমিক আহত হয়েছেন। আর যৌন নিপীড়নের শিকার হয়েছেন ১৪ জন নারী শ্রমিক। সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের ওপর ভিত্তি করে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) শনিবার এ তথ্য জানিয়েছে। বিলসের গবেষণায় দেখা যায়, কর্মক্ষেত্রে দুর্ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন নির্মাণ খাতের শ্রমিকরা। প্রথম ছয় মাসে ৪০ জন নির্মাণ শ্রমিক দুর্ঘটনায় মারা যান। এছাড়া তৈরি পোশাক কারখানায় ২৫ জন, গৃহস্থালি কাজে নিয়োজিত ২১ জন, পরিবহণ খাতে ১৩ জন এবং দোকান ও হোটেলে কর্মরত ৮ জন শ্রমিক দুর্ঘটনায় মারা যান। এছাড়া এ সময়কালে ৫২ জন শ্রমিক কর্মস্থলে সন্ত্রাস ও সহিংসতায় নিহত হন বলে বিলস জানায়। সংগঠনটির মতে, সন্ত্রাসী হামলার ক্ষেত্রে সবচেয়ে অসহায় অবস্থায় রয়েছে পরিবহণ শ্রমিকরা। সাধারণত চাঁদাবাজরা চাঁদা চাইতে এসে মালিক বা নিয়োগদাতাদের না পেয়ে শ্রমিকদের ওপর হামলা চালায়। তৈরি পোশাক এবং নির্মাণ শ্রমিকরাও এ ধরনের সন্ত্রাসী হামলার শিকার হন। সাধারণত রাতে কর্মরত নারী শ্রমিকরাই নির্যাতনের শিকার হয় বলে বিলসের গবেষণায় দেখা যায়। এর কারণ হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পরিবহণ সেবা না থাকা এবং নিরাপত্তার অভাবকেই দায়ী করা হয়েছে। এছাড়া গৃহস্থালি কাজে নিয়োজিত শ্রমিকরা সাধারণত গৃহকর্তা, গৃহকর্তার ছেলে বা আত্মীয়দের দ্বারা যৌন হয়রানির শিকার হন বলে বিলসের প্রতিবেদনে তুলে ধরা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমআই/২১৪৯ ঘ.