২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় সাবেক সাংসদ মনির বিরুদ্ধে দুটি মামলা

বরগুনা-২(বামনা-পাথরঘাটা) আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম মনির বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। ত্রাণের টিন ও সরকারি গাছ বিক্রির টাকা আত্মসাতের অভিযোগে বৃহস্পতিবার জেলা দায়রা জজ আদালতে পৃথক মামলা দুটি করেন পাথরঘাটা পৌর এলাকার বাসিন্দা মো. সহিদুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2007, 08:06 AM

Updated : 26 Aug 2022, 08:14 PM

বরিশাল, জুলাই ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বরগুনা-২(বামনা-পাথরঘাটা) আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম মনির বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। ত্রাণের টিন ও সরকারি গাছ বিক্রির টাকা আত্মসাতের অভিযোগে বৃহস্পতিবার জেলা দায়রা জজ আদালতে পৃথক মামলা দুটি করেন পাথরঘাটা পৌর এলাকার বাসিন্দা মো. সহিদুর রহমান। দুই মামলায় আসামীদের মধ্যে মনির ছোট ভাই ও পাথরঘাটা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জামাল, ভগ্নিপতি ও নাচনাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামানও রয়েছেন। জেলা জজ আদালতের সরকার পক্ষের কৌঁসুলি(পিপি) মোতালেব মিয়া মামলা দায়েরের কথা নিশ্চিত করে রোববার এ বিষয়ে আদালতের নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছেন। টিন আত্মসাতের মামলার আরজিতে বলা হয়, সাংসদ থাকাকালে ২০০৪ সালের ২৫ সেপ্টেম্বর থেকে ২০০৬ সালের ২৮ মার্চ পর্যন্ত মনি ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ৬৪৫ বান্ডিল ঢেউটিন বরাদ্দ পান। কিন্তু ওই টিন যাদের প্রাপ্য তাদের না দিয়ে সাবেক সাংসদ তার বাবার নামে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান, নিজের নামে প্রতিষ্ঠিত ক্লাবে বরাদ্দের মাধ্যমে সরকারি সম্পদ আত্মসাত করেন। এ মামলায় মনি, তার ভাই ও ভগ্নিপতিসহ ১৯ জনকে আসামী করা হয়েছে। অপর মামলার আরজিতে বলা হয়, ২০০৫ সালের ১ জানুযারি থেকে ২০০৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সাবেক সাংসদ ও তার লোকজন পাথরঘাটার রূপদোন স্লুইচ গেট থেকে বাইনচটকি ফেরিঘাট, কেরামতপুর বাজার থেকে সিঅ্যান্ডবি বাজার এবং চরদোয়ানি বাজার থেকে সপ্তগ্রাম বাবুরহাট পর্যন্ত সড়কের পাশের মোট ১৩ কিলোমিটার এলাকার সরকারি গাছ কেটে বিক্রির ১০ লাখ টাকা আত্মসাত করেন। এ মামলায় আসামী করা হয়েছে মোট ১৮ জনকে। মামলাটিতে পাথরঘাটার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা আওয়াল হাওলাদার, পটুয়াখালী উপ বিভাগীয় বন কর্মকর্তা জহিরুল ইসলামসহ ২০ জনকে সাক্ষী করা হয়েছে। এ মামলাগুলোর বিষয়ে সাবেক সাংসদ মনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪০৫ ঘ.