২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীর রাঙ্গাবালীর চিংড়ি ঘেরে ভাইরাস সংক্রমণ

পটুয়াখালীর গলাচিপা উপজেলা সংলগ্ন রাঙ্গাবালীর কানকুনী পাড়ার বাগদা চিংড়ি ঘেরগুলোয় ভাইরাস সংক্রমণ দেখা দিয়েছে। একের পর এক ঘেরের মাছ মারা যাচ্ছে। মৎস্য অধিদপ্তর কোনও ব্যবস্থা না নেওয়ায় পথে বসতে চলেছে ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত ওইসব চিংড়ি ঘেরের মালিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2007, 12:52 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

বরিশাল, জুলাই ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর গলাচিপা উপজেলা সংলগ্ন রাঙ্গাবালীর কানকুনী পাড়ার বাগদা চিংড়ি ঘেরগুলোয় ভাইরাস সংক্রমণ দেখা দিয়েছে। একের পর এক ঘেরের মাছ মারা যাচ্ছে। মৎস্য অধিদপ্তর কোনও ব্যবস্থা না নেওয়ায় পথে বসতে চলেছে ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত ওইসব চিংড়ি ঘেরের মালিকরা। খুলনায় প্রশিক্ষণপ্রাপ্ত চাষী সেলিম আকন বলেন, ভাইরাস আক্রান্ত চিংড়ি মাছের গায়ের রং লাল বর্ণ হয়ে যায় এবং দেহে গুটি ওঠে। আক্রান্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে মাছগুলো মারা যায়। বাগদা চিংড়ির পুরো শরীর লালচে এবং শরীরে কালো গুটি ওঠা ভাইরাস সংক্রমণের লক্ষণ- এটা গলাচিপা উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-এর কাছে স্বীকার করেছেন। তবে তিনি বলেন, "কানকুনিপাড়ার ঘেরগুলোর মাছ আমি দেখিনি। তাই নিশ্চিত করে বলতে পারছি না, সেগুলো ভাইরাসে আক্রান্ত হয়েছে কি না? তা ছাড়া আক্রান্ত মাছ পরীক্ষার জন্য যন্ত্রপাতি কিংবা পরীক্ষাগারও আমাদের নেই।" রাঙ্গাবালী চিংড়ি ঘের মালিক সমিতির সভাপতি মো. জাফর আকন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম'কে জানান, সমিতির শতাধিক সদস্যের মধ্যে ২০-২২ জনের ঘেরে ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। ভাইরাস থেকে পরিত্রাণের জন্য চাষীরা ঘেরের পানি পাল্টানোসহ পানিতে পটাশ দিচ্ছে। কিন্তু কিছুতেই মড়ক থামছে না। রাঙ্গাবালী ইউপি চেয়ারম্যান আবদুল হাই তালুকদার বলেন, "কানকুনিপাড়ার পুরোটা এলাকা জুড়ে মাছের ঘের। এখানে শতভাগ লোক কোনও না কোনও ভাবে মাছ চাষে জড়িত। রোগে মাছ মারা যাওয়ার কথা আমিও শুনেছি।" এ পর্যন্ত রহমান ফরাজী, রাজা মিয়া, কবীর তালুকদার, জীবন ব্যাপারী, ফেরদৌস খলিফা, সাবেক ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম, জাফর আকন, কবীর শিকদার, মোতাহার হাওলাদার এবং এ্যাডভোকেট আবদুল খালেকের প্রায় ২০-২২ চিংিড়ির ঘেরে ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে বলেন, এ এলাকার চাষীরা কখনই মৎস্য বিভাগের কাছ থেকে কোনও সহায়তা পায়নি। অভিযোগ স্বীকার করে সহকারী মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক জানান, পুরো খুলনা জোন মাছ চাষের জন্য 'গ্রীন বেল্ট' হিসেবে সরকারের গেজেটভুক্ত হয়েছে। এ কারণে ওই অঞ্চলের চাষীরা সরকারি সুযোগ সুবিধা পায়। কিন্তু রাঙ্গাবালী এলাকাটি গেজেটভুক্ত না হওয়ায় এখানে কতটুকু জমিতে চিংড়ি চাষ হচ্ছে সে তথ্য যেমন আমাদের কাছে নেই, তেমনি জানা নেই ভাইরাসের খবর। সরকারি সহায়তা ছাড়াই প্রায় এক দশক ধরে রাঙ্গাবালীর উপকূলীয় চরাঞ্চলে ব্যক্তিগত উদ্যোগে চিংড়ি চাষ করছেন স্থানীয়রা। বর্তমানে ওই এলাকায় বাগদা চিংড়ি চাষের ব্যাপক প্রসার ঘটেছে। এ বছর ওই এলাকার প্রায় ৩০ থেকে ৩৫ হাজার একর জমিতে বাগদা চিংড়ির চাষ হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৮৩২ ঘ.