২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের আকার বাড়ানো নিয়ে মতিনের মত ভিন্ন

১০ জন উপদেষ্টা নিয়ে সরকারের কাজকর্ম চালানো কঠিন হয়ে যাচ্ছে বলে আইন উপদেষ্টা মইনুল হোসেন মনে করলেও যোগাযোগ উপদেষ্টার মতে ১০ উপদেষ্টা নিয়ে কাজের কোনো অসুবিধা হচ্ছে না। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সাংবাদিকের বলেন, সরকারের আকার বাড়ানোর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার সকালে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিকদের বলেন, ''সরকারের আকার বাড়ানোর ক্ষেত্রে শাসনতান্ত্রিক সীমাবদ্ধতা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2007, 12:47 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--১০ জন উপদেষ্টা নিয়ে সরকারের কাজকর্ম চালানো কঠিন হয়ে যাচ্ছে বলে আইন উপদেষ্টা মইনুল হোসেন মনে করলেও যোগাযোগ উপদেষ্টার মতে ১০ উপদেষ্টা নিয়ে কাজের কোনো অসুবিধা হচ্ছে না। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সাংবাদিকের বলেন, সরকারের আকার বাড়ানোর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার সকালে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিকদের বলেন, ''সরকারের আকার বাড়ানোর ক্ষেত্রে শাসনতান্ত্রিক সীমাবদ্ধতা রয়েছে। এর ফলে সার্বিক কাজকর্ম অব্যাহত রাখা কঠিন হয়ে যাচ্ছে। তবুও উপদেষ্টা পরিষদের সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় সকল কার্যক্রম পরিচালনা এখনও গতিশীল রয়েছে।" বিকেলে যোগযোগ উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ মতিন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন,'' আমার উপস্থিতিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারের আকার বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি। আমি মনে করি না যে ১০ জন উপদেষ্টা কাজ করছেন, তাদের কাজে অসুবিধা হচ্ছে। খোঁজ নিয়ে দেখুন, আমার মন্ত্রণালয়গুলোতে ফাইলের কোনো জট নেই।'' এর আগে বুধবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম সাংবাদিকদের বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের পরিধি বাড়ানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। তবে নতুন যাদের নেওয়া হবে তারা উপদেষ্টা নামে অভিহিত হবেন না। কীভাবে, কাদের নিয়ে এবং কোন নাম দিয়ে নতুনদের সরকারের নীতিনির্ধারক পর্যায়ে নেওয়া হবে সেই পথের সন্ধান করছে সরকার।" এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন মন্ত্রণালয় এর আইনগত দিক নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা করছে। প্রয়োজন হলে সুপ্রীম কোর্টের কাছে এ বিষয়ে পরামর্শ চাওয়া হতে পারে। অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান উপদেষ্টাদের সহযোগী, পরামর্শক বা অন্য কোন নামে অভিহিত করা হতে পারে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএইচডি/আরবি/এসএম/জিএনএ/১৭৩০ ঘ.