ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনকে অবৈধ অস্ত্র রাখার দায়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. আবুল বাসার।
রায়ে বলা হয়, অস্ত্র এবং গুলি নিজ হেফাজতে রাখলেও অন্য কোনও অপরাধমূলক কাজে ব্যবহার না করা এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী হওয়া কারণে মামুনকে সর্বোচ্চ শাস্তির বদলে সর্বনিম্ন শাস্তি দেওয়া হলো।
এ মামলায় সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন বা ৩০ বছর সশ্রম কারাদণ্ড।
আসামীর হাজতবাসকালীন সময় কারাবাস হিসেবে গণ্য হবে বলে আদালতের রায়ে উল্লেখ করা হয়।
এদিকে মামুনের আইনজীবী মো. শাহজাহান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "এ রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করবো।"
সোমবার দুপুরে মামলায় রাষ্ট্র ও আসামী পক্ষের যুক্তিতর্ক শেষে ঢাকা মহানগর দুই নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. আবুল বাসার রায় ঘোষণার এ তারিখ ধার্য করেন।
মামুনের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালার অন্তর্ভুক্ত হওয়ায় আইন অনুযায়ী ৪৫ দিনের মধ্যে বিচার কাজ শেষ করার কথা। বেঁধে দেওয়া এ সময়ের শেষ দিনে মঙ্গলবার রায়ের দিন ধার্য করা হয়। এ মামলায় রাষ্ট্রপক্ষের ২৭ জনের মধ্যে ২৬ জনের সাক্ষ্য নেয়া হয়।
মামলা সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ ডিওএইচএসের ৬ নম্বর সড়কে তার ৭৮ নম্বর বাসা থেকে একটি রিভলবার ও ৮ রাউণ্ড গুলিসহ মামুনকে গ্রেপ্তার করা হয়। ওইদিন তার বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক কাজী আব্দুল আউয়াল এ মামলা দায়ের করেন। ক্যান্টনমেন্ট থানার ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা শাহরুম খান গত ২৪ এপ্রিল অভিযোগপত্র দাখিল করেন। গত ২০ মে এ মামলায় মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
এ মামলায় পুলিশ তাকে ২৬ মার্চ গ্রেপ্তার দেখায়। কিন্তু মামুন রোববার আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে জানান, তাকে ৩১ জানুয়ারি পল্টনে তার বন্ধুর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এর আগে দুর্নীতি দমন কমিশনের বেঁধে দেওয়া সময়ের মধ্যে সম্পদের হিসেব জমা না দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গত ৭ জুন গিয়াস উদ্দিন আল মামুনের তিন বছরের কারাদণ্ড হয়। তবে দুর্নীতির মামলায় বিশেষ জজ আদালতের রায়ের বিরুদ্ধে মামুন রোববার উচ্চ আদালতে আপিল করেন। মঙ্গলবার তার বিরুদ্ধে দ্বিতীয় মামলার রায় ঘোষণা হলো।
মামুনের বিরুদ্ধে এখন চাঁদাবাজিসহ অন্যান্য অভিযোগে আরও ১৩টি মামলা রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরবি/আরএ/ডিডি/এমআই/২০১৩ ঘ.
bdnews24