ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গ্রীনরোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে সোমবার বিপুল পরিমাণ ভয়েজ ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) সরঞ্জাম উদ্ধার করেছে র্যাবের গোয়েন্দা শাখার সদস্যরা।
র্যাব জানিয়েছে, উদ্ধার করা সরঞ্জামের দাম প্রায় ৪০ লাখ টাকা।
এসব সরঞ্জামের মধ্যে রয়েছে দুটি মাল্টিপল পিআরআই কানেকশন (প্রতিটিতে ৪৮টি করে সংযোগ), চারটি কুইন্টাম, ২০টি টেলুলার, বাংলালিংকের শতাধিক সিম ও তিনটি ইউপিএস।
র্যাব গোয়েন্দা শাখার সিনিয়র সহকারি পরিচালক খন্দকার আল মইন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শাহীন নামের এক ব্যাক্তি গ্রীনরোডের গ্রীনলজের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে অবৈধ ভিওআইপি ব্যবসা চালিয়ে আসছিলেন। খবর পেয়ে বিকেল পাঁচটার দিকে সেখানে অভিযান চালানো হয়। কিন্তু র্যাবের উপস্থিতি টের পেরে শাহীন ফ্ল্যাটের দরজায় তালা লাগিয়ে পালিয়ে যায়। র্যাব সদস্যরা দরজার তালা ভেঙে ওই ফ্ল্যাটের ভেতরে ঢুকে ওইসব সামগ্রী উদ্ধার করেন।
উদ্ধার করা সরঞ্জামের দাম প্রায় ৪০ লাখ টাকা বলে জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচএস/জিএমএ/জেকে/০০৩৩ ঘ.
bdnews24