নোয়াখালী, জুলাই ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - দায়িত্বে থাকলে ঠিকভাবে কাজ করুন অথবা দায়িত্ব ছেড়ে চলে যান। সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উদ্দেশে এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. আনোয়ারুল ইকবাল।
সোমবার নোয়াখালী শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন তিনি।
সকালে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আরো বলেন," বিগত সরকারগুলো দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সীমাহীন দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা ও দলীয়করনের মাধ্যমে বিতর্কিত ও অকার্যকর করে রেখেছিল।বর্তমান সরকার সংস্কারের মাধ্যমে এসব সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।"
সেনাবাহিনী সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করে আনোয়ারুল ইকবাল বলেন, "দেশের আইন শৃংঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সীমাহীন দুর্নীতি, গার্মেন্টস সেক্টরে চরম অরাজকতা, বৈদেশিক বাণিজ্যে ধসসহ সব মিলিয়ে জাতির এক সংকটময় মুহুর্তে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণ করে। দেশ প্রেমিক সেনাবাহিনী সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাচ্ছে।"
স্থানীয় সরকার উপদেষ্টা জানান, সরকার গ্রহণযোগ্য ভোটার তালিকা তৈরির জন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে আসছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে, বীরশ্রেষ্ঠ ও ভাষা-শহীদদের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। গার্মেন্টস সেক্টরের স্থিতিশীলতা ফিরিয়ে আনা হয়েছে। জন্মনিবন্ধন কার্যক্রমকে কার্যকর করার উদ্যোগও নেওয়া হয়েছে।
মতবিনিময় সভা শেষে উপদেষ্টা বেগমগঞ্জ কালচারাল অ্যাকাডেমি, চৌমুহনী পাবলিক হল ও সোনাইমুড়ি উপজেলা কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসি/১৪৪০ ঘ.
bdnews24