বরিশাল, ৩০ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির একাংশের সাধারণ সম্পাদক ও বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আজিজুর রহমান শাহীন (৩৫) কে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৮ কার্যালয় লাগোয়া রুপাতলী বাস টার্মিনাল এলাকা থেকে শনিবার দুপুর সোয়া ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার কে এম মামুনুর রশীদ। গ্রেপ্তারের সময় ধস্তাধস্তিতে তিনি নিজেও আহত হন।
মামুনুর রশীদ জানান, শাহীনের কাছ থেকে একটি দেশি পাইপগান, এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। একইসময় শাহীনের দেহরক্ষী হানিফ (৩০) কেও গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দুজনকেই র্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে র্যাব কর্মকর্তা মামুন জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৩১ ঘ.
bdnews24