২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণের টিন উদ্ধারের ঘটনায় চাঁদপুরে চারটি মামলা

কচুয়া উপজেলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের মায়ের নামে প্রতিষ্ঠিত মাদ্রাসাসহ বিভিন্ন স্থান থেকে ত্রাণের টিন উদ্ধারের ঘটনায় চারটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2007, 02:00 PM

Updated : 26 Aug 2022, 08:12 PM

চাঁদপুর, জুন ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কচুয়া উপজেলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের মায়ের নামে প্রতিষ্ঠিত মাদ্রাসাসহ বিভিন্ন স্থান থেকে ত্রাণের টিন উদ্ধারের ঘটনায় চারটি মামলা হয়েছে। মামলাগুলোয় মোট ১০ জনকে আসামী করা হয়েছে। আসামীদের অধিকাংশই বিএনপির নেতাকর্মী। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীর মায়ের নামে প্রতিষ্ঠিত মাহমুদা দাখিল মাদ্রাসা থেকে টিন উদ্ধারের ঘটনায় বুধবার যুবদল নেতা সাইফুর রহমান বাহাদুর, তার শ্যালক সোহাগ, যুবদল নেতা হেদায়েত উল্লাহ, সোলায়মান ও রহিমা বেগমকে আসামি করে একটি মামলা হয়। ওই মাদ্রাসা থেকে ১৭৬টি টিন উদ্ধার করে যৌথবাহিনী। এছাড়া একইদিন সাচার রথ মন্দির থেকে ১৫৬ টি টিন উদ্ধারের ঘটনায় জাতীয়তাবাদী হিন্দু দল জেলা কমিটির সাধারণ সম্পাদক ও মন্দির কমিটির সম্পাদক জীবন চন্দ্র ধরকে আসামী করে এবং কাদলা ইউনিয়নে ৫৬টি টিন উদ্ধারের ঘটনায় বিএনপি নেতা সাইফুল ইসলাম, আক্তার হোসেন ও আলী আরশাদের বিরুদ্ধে মামলা হয় বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। আমিনুল ইসলাম আরও জানান, কচুয়া পৌরসভার ওয়ার্ড কমিশনার ও বিএনপি নেতা আবদুল মান্নানের বাসা থেকে ২০ টি টিন উদ্ধারের ঘটনায় মঙ্গলবার তাকে আসামী করে মামলা হয়। সবগুলো মামলার বাদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম সারওয়ার। জরুরি অবস্থা ঘোষণার পরপরই কচুয়ার বিভিন্ন স্থান থেকে যৌথবাহিনী অভিযান চালিয়ে ওই টিনগুলো উদ্ধার করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৪৫ ঘ.