রাজশাহী, জুন ২৭ (বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম)-- এক ব্যক্তিতে থানায় আটকে রেখে ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এসেছে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসাহাক আলীর বিরুদ্ধে। তবে সে অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
বুধবার দুপুরে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে দুর্গাপুর উপজেলার কৃষক শামসুল হক জানান, গত ১৪ মে হরিপুর গ্রামের আখতার ও সোবহানের মধ্যে ঝগড়ার সময় তিনি আখতারের পক্ষ নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে সে ঘটনায় সোবহানের স্ত্রী রেহেনা বেগম একটি মামলা করলে গত ২৩ জুন তাকে থানায় ধরে নিয়ে যায় পুলিশ।
শামসুল হক অভিযোগ করেন, থানায় নেওয়ার পর বিষয়টি মীমাংসার কথা বলে তার পরিবারের কাছে ৮০ হাজার টাকা দাবি করে থানার দালাল সানাউল্লাহ মাস্টার ওরফে ছানা মেম্বার ও আজাহার। পরে দেন-দরবারের মাধ্যম ৩০ হাজার টাকায় রফা হয় এবং পুলিশের উপ-পরিদর্শক খবির ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসাহাক আলীকে সে টাকা দেওয়া হয়।
ছানা মেম্বার, আজাহার, পুলিশ সদস্য খবির ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসাহাকের দেন-দরবারের কথোপকথনের রেকর্ড সংবাদ সম্মেলনে বাজিয়ে শোনানো হয়।
শামসুল হক এ ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিচারসহ ৩০ হাজার টাকা ফেরত দেওয়ার দাবি জানান।
বিষয়টি নিয়ে দুর্গাপুর থানার যোগাযোগ করা হলে ওসি ইসাহাক আলী এ ধরনের দেন-দরবারের কথা অস্বীকার করে বলেন, "শামসুল নামের এক ব্যক্তির একটি ঘটনায় একটি সালিশের কথা আমি শুনেছি। কিন্তু এর সঙ্গে আমার কোনও সম্পৃক্ততা নেই।"
উপপরিদর্শক খবির শামসুলকে আটক করেছিল কিনা তা জানতে চাইলে তিনি জানান, বিষয়টি তার মনে নেই। থানার নথিপত্র ঘেঁটে দেখার আগে তিনি এ বিষয়ে কিছু বলতে পারছেন না।
বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৫৩ ঘ.
bdnews24