চাঁপাইনবাবগঞ্জ, জুন ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান মিয়াসহ ৫ বিএনপি কর্মীর নামে শিবগঞ্জ থানায় একটি চাঁদাবাজি মামলা করা হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লেনিন আলমগীর জানান, শ্যামপুর ইউনিয়নের বুধু মণ্ডল বুধবার এ মামলা দায়ের করেন। মামলার অন্য অভিযুক্তরা হলেন হুমায়ুন, আবু মুসা, ইউসুফ আলী ও বাদল।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০০৩ সালের ২ এপ্রিল কানসাট বাজারের একটি বিপণি বিতানে দোকান বরাদ্দের জন্য বাদীর কাছ থেকে ১ লাখ ৭০ হাজার টাকা দাবি করেন অভিযুক্তরা। বুধু মণ্ডল ২০০৩ সালের ২ মে হুমায়ুনের বাড়িতে গিয়ে চাঁদার টাকা দিয়ে আসলেও তাকে দোকান বরাদ্দ দেওয়া হয়নি।
লেনিন আলমগীর জানান, শিবগঞ্জ থানায় অধ্যাপক শাহজাহান মিয়ার বিরুদ্ধে এ নিয়ে মোট পাঁচটি চাঁদাবাজির মামলা দায়ের হলো।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জেকে/১৭২৩ ঘ.
bdnews24