২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ হাইকমিশনারের ওপর গ্রেনেড মামলার শুনানি ১২ জুলাই

ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা মামলার অভিযোগপত্রের শুনানি হবে আগামী ১২ জুলাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2007, 03:47 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

সিলেট, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা মামলার অভিযোগপত্রের শুনানি হবে আগামী ১২ জুলাই। সিলেট এক নম্বর আমলি আদালতের বিচারক সোহরাব হোসেন মঙ্গলবার মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর করে আদালতে দাখিল করা অভিযোগপত্রের শুনানির তারিখ নির্ধারণ করেন। আসামীদের স্বীকারোক্তির ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী উপপরিদর্শক মুন্সি আতিকুর রহমান গত ৯ জুন চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযুক্তরা হলেন, মুফতি হান্নান এবং তার সহযোগী শরিফ শাহেদুল আলম ওরফে বিপুল, দোলোয়ার হোসেন রিপন ও মফিজুর রহমান মফিজ। ২০০৪ সালের ২১ মে শাহজালের মাজারে আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। এতে এক পুলিশ সদস্যসহ তিন জন নিহত এবং আনোয়ার চৌধুরী সহ অর্ধশতাধিক লোক আহত হন। এ ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় মামলা হয় এবং পরে তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে। গত বছরের ৩ সেপ্টেম্বর হরকাতুল জিহাদের সিলেট অঞ্চলের সংগঠক বিপুল, দেলোয়ার হোসেন রিপন ও মফিজুর রহমান মফিজকে গ্রেপ্তার করা হয়। এর আগে ২০০৫ সালের ১ অক্টোবর ঢাকায় গ্রেপ্তার হন হরকাতুল জিহাদের একাংশের নেতা মুফতি হান্নান। সিলেটের টিলাগড় থেকে গ্রেপ্তারের পর বিপুল গত বছরের ১৬ অক্টোবর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। একই বছরের ১৯ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মুফতি হান্নান স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ওই হামলার জন্য গ্রেনেড সরবরাহের কথা স্বীকার করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৯৪৭ ঘ.