ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পদ্মায় ভাঙনে ফরিদপুর ও রাজবাড়ী জেলার শতাধিক ঘরবাড়ি ও ফসলী জমি বিলীন হয়ে গেছে। মঙ্গলবার থেকে ভাঙন তীব্র হওয়ায় ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নে বেশ কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় দুটি ইউনিয়নের ১৫টি গ্রামের প্রায় ৫০০ একর ফসলি জমিসহ শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে হারিয়ে গেছে। অব্যাহত ভাঙনে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রামবাসী তাদের ঘর ভেঙ্গে অন্যত্র সরিয়ে নিচ্ছে। বনজ ও ফলজ গাছ জলের বিক্রি হচ্ছে জলের দরে।
আমাদের ফরিদপুর প্রতিনিধি জানান, মঙ্গলবার সকাল থেকে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের ভাজনডাঙ্গা, সাদীপুর, গদাধরডাঙ্গি, বিশ্বাসবাড়ী এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ১০টি বসতবাড়ি ও ফসলি জমিসহ ২০ একর জমি বিলীন হয়ে গেছে বলে দাবি করেন গ্রামবাসীরা।
নদী ভাঙনের মুখে গ্রামবাসী তাদের ঘর ভেঙ্গে ট্রাক ও ঠেলাগাড়িতে করে অন্যত্র সরিয়ে নিচ্ছেন। বনজ ও ফলজ গাছ বিক্রি করে দিচ্ছেন জলের দরে।
আলিয়াবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আক্তারুজ্জামান জানান, মঙ্গলবার সকালে হঠাৎ করে ভাঙন তীব্র হয়। বিকেল পর্যন্ত ১০টি বসতবাড়ি, কবরস্থান, পুকুরসহ ২০ একর ফসলি জমি নদীগর্ভে হারিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৪০টি পরিবার।
তিনি জানান, ভাঙনের তীব্রতা অব্যাহত থাকলে সাদীপুর বাজার যে কোনও সময় বিলীন হয়ে যেতে পারে।
ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেসুর রহমান জানান, বর্ষা মৌসুম বলে ভাঙনের তীব্রতা দেখা দিয়েছে। এক সপ্তায় ২৫ একর জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
তিনি জানান, ফরিদপুর শহর রক্ষার জন্য জরুরিভাবে নদীতীর সংরক্ষণ বাঁধ নির্মাণের প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে। তবে বর্ষা মৌসুমে কাজ করে কোনও সুফল পাওয়া যাবে না।
রাজবাড়ী প্রতিনিধি জানান, এক পক্ষকালে পাংশা উপজেলার দুটি ইউনিয়নের ১৫টি গ্রামের প্রায় ৫০০ একর ফসলি জমি সহ শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে হারিয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হচ্ছে, বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রাম, গোপিনগর, ডাঙ্গীপাড়া, বাহাদুরপুর, তারাপুর, জয়কৃষ্ণপুর ও বক্সীপুর এবং হাবাসপুর ইউনিয়নের বাউরিপাড়া, হাবাসপুর, চর হাবাসপুর, নতুন চরপাড়া, চরশাহমীরপুর, শাহ মীরপুর ও চর রামনগর।
রাজবাড়ীর জেলা প্রশাসক তৌহিদা বুলবুল সোমবার হাবাসপুর, বাহাদুরপুর, সেনগ্রামসহ বেশ কয়েকটি ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।
জেলা ত্রাণ কর্মকর্তা হযরত আলী জানান, ভাঙন কবলিত এলাকায় নগদ বিতরণের জন্য দেড় লাখ এবং গৃহ নির্মাণ বাবদ ১ লাখ ২২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
পাংশা উপজেলার নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন বিশ্বাস জানান, প্রাকৃতিক দুর্যোগ এবং নদী ভাঙনসহ মোট ১ হাজার ৩৬টি পরিবারের প্রত্যেককে ত্রাণ হিসেবে ৫০০ টাকা এবং ২০ কেজি করে চাল বিতরণের কাজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে।
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়াতেও ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গত এক সপ্তাহে এ এলাকায় ১০ একর ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে।
দৌলতদিয়া বাহিরচর গ্রামের ১০০ পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১১৯ ঘ.
bdnews24