ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--সংস্কার প্রস্তাব ঘোষণার পর মঙ্গলবার সারাদিন গুলশানে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার বাসায় দলের সাবেক সাংসদসহ নেতা-কর্মীদের ভিড় ছিল। মহাসচিব বিকালে অর্ধশতাধিক দলীয় সাবেক সাংসদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকের পর দলের যুগ্ম-মহাসচিব আশরাফ হোসেন সাংবাদিকদের জানান, বিএনপি মহাসচিবের ঘোষিত সংস্কার প্রস্তাবের প্রতি ইতিমধ্যে ১০৫জন সাবেক সাংসদ একাত্মতা প্রকাশ করেছেন।
তিনি বলেন, "গত ৩০ বছর বিএনপি পরিচালনায় ত্র"টি ছিল। এটা দূর করতেই এ সংস্কার। আমরা আশা করছি, এ সংস্কার কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জিয়ার আদর্শের বিএনপি বাংলাদেশে একটি পরিপূর্ণ বৃহত্তম গণতান্ত্রিক দল হিসেবে প্রতিষ্ঠালাভ করবে। ''
বৈঠকে দলের জ্যেষ্ঠ নেতারা মহাসচিবের প্রতি দলের দুর্নীতিবাজদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠনের দাবি জানান। তারা সংস্কার প্রস্তাব এগিয়ে নিয়ে যেতে এবং তা বাস্তবায়নের অনুরোধ জানান।
মান্নান ভুঁইয়ার সভাপতিত্বে বৈঠকে এবায়দুর রহমান চৌধুরী, আব্দুল আলীম, মোজাহার হোসেন, নাজির হোসেন, এহছানুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, অবসরপ্রাপ্ত বিচারপতি এম মোজাম্মেল হক, প্রকৌশলী শহীদুজ্জামান, ডা. দেওয়ার মোহাম্মদ সালাহউদ্দিন, শাহ শহীদ সারওয়ার, হোসনে আরা গিয়াস, রোকেয়া আহমেদ লাকী, অধ্যাপক রেজাউল করীমসহ অর্ধশতাধিক সাবেক সাংসদ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে আশরাফ হোসেন আরও বলেন, কোনো ব্যক্তিকে সামনে রেখে আমরা এ সংস্কার প্রস্তাব তৈরি করিনি। দল ও দেশের স্বার্থেই এটা করা হয়েছে। দলের কাউন্সিল অধিবেশনেই তা চূড়ান্ত করা হবে।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ১৪ বছর বিএনপির কোনো কাউন্সিল হয়নি। গঠনতন্ত্রে যে ব্যক্তির হাতে কাউন্সিল করার দায়িত্ব দেওয়া আছে তিনি তা মান্য করেননি।
আশরাফ হোসেন দাবি করেন, "বিএনপি একটি গণতান্ত্রিক দল হিসেবে একক নেতৃত্বের অবসান ঘটিয়ে যৌথনেতৃত্ব প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছে।"
এর আগে সকালে বরিশাল বিভাগের বিএনপির সব সাবেক সাংসদ মান্নান ভুঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করে সংস্কার প্রস্তাবের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।
সোমবার মান্নান ভূঁইয়া বিএনপির ১৫ দফা খসড়া সংস্কার প্রস্তাব পেশ করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচএস/এমএইচবি/২০৪১ ঘ.
bdnews24