ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নাগরিকদের স্বস্তিময় জীবন উপহার দেওয়াই সিটি কর্পোরেশন ও পৌরসভার প্রধান দায়িত্ব। কিন্তু সে দায়িত্ব তারা ঠিক মতো পালন করে না। ঢাকা সিটি কর্পোরেশন, সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠান নাগরিকদের সেবা না দিয়ে চাপ দিয়ে টাকা আদায় করে।
সোমবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম (নাসফ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) -এর চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা ঢাকা সিটি কর্পোরেশন ও সেবা প্রতিষ্ঠান রাজউক, তিতাস, ওয়াসার সংস্কার দাবির পাশাপাশি কিছু সুপারিশও তুলে ধরেন।
অধ্যাপক মোজাফফর জানতে চান, "আমাদের প্রশ্ন, যে কাজের জন্য নগর ভবন তারা কী সুবিধা দিচ্ছেন? তাদের কাজ কী শুধু কর আদায় করা?"
তিনি বলেন, "নাগরিকদের একটা ফোরাম দরকার যেখানে সিটি মেয়র, রাজউক, তিতাস, ওয়াসা প্রধানরা প্রতি মাসে উপস্থিত থাকবেন। সেখানে নাগরিকরা তাদের দাবি দাওয়া নিয়ে আলোচনা করবেন।"
মোজাফফর আহমেদ বলেন, "রাজনৈতিক দলগুলোর সংস্কারের পাশাপাশি ঢাকা সিটি কর্পোরেশন এবং বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সংস্কারও এখন করতে হবে।"
তিনি জানান, চার সিটি মেয়র নগর সরকারের দাবি করেছিলেন। তাদের মধ্যে দুটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দও ছিলেন। কিন্তু তাদের প্রস্তাবও বাস্তবায়িত হয়নি।
অধ্যাপক মোজাফফর বলেন, মন্ত্রণালয়গুলোর আমলারা কেন্দ্রীভূত ক্ষমতা পছন্দ করেন। বিকেন্দ্রীভূত জনগণের শাসন তারা পছন্দ করেন না। সিটি কর্পোরেশনের ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে হবে।
রিসোর্স ইন্ট্রিগ্রেশন সেন্টার এর পরিচালক আবুল হাসিব খান বলেন, "আমরা আমাদের সেবা কিনে নেই। সেই সেবা আমরা সময় মতো এবং ঠিকভাবে চাই।"
তিনি বলেন, "নগরের সার্বিক সেবা প্রতিষ্ঠানের সংস্কার করা প্রয়োজন। সেই সঙ্গে সেবা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টেরও সংস্কার করতে হবে।"
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন নাসফ এর কেন্দ্রীয় সমন্বয় কমিটির ভারপ্রাপ্ত আহবায়ক সেলিমা মশির।
তিনি ঢাকা সিটি কর্পোরেশন অধ্যাদেশ, ১৯৮৩ - এর সংস্কার দাবি করে আইনগতভাবে আরও শক্তিশালী ও গণতান্ত্রিক করার জন্য কিছু প্রস্তাব পেশ করেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ঢাকা সিটি কর্পোরেশনের নেতৃত্বে সব সরকারি-বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কাজের কেন্দ্রীয় ও ওয়ার্ড পর্যায়ে সমন্বয়ের আইনগত প্রক্রিয়া চালু করা জরুরি। নাগরিকদের ভোগান্তি কমানোর জন্য ছোট-খাটো সমস্যা দ্রুত সমাধানের জন্য মেয়রের ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রয়োজন। ঢাকা সিটি কর্পোরেশনের ১০টি আঞ্চলিক কার্যালয়কে সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনারদের অংশগ্রহণের মাধ্যমে পরিচালনা করার আইনগত প্রক্রিয়া চালু করা দরকার। এলাকাভিত্তিক উন্নয়নের জন্য কমিশনারদের আরও ক্ষমতা দেওয়া প্রয়োজন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ঢাকার একেক অঞ্চলের উন্নয়ন চাহিদা একেক রকম। এলাকার চাহিদা ও সমস্যাকে গুরুত্ব না দেওয়ায় একই শহরে বসবাস করে নাগরিকরা অসাম্য পরিবেশের শিকার হচ্ছে। এজন্য এলাকাভিত্তিক প্রয়োজনীয় বাজেট বরাদ্দ রাখতে হবে। তাই ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসনিক কাঠামোকে বিকেন্দ্রীয়করণ করতে হবে এবং চাহিদার ভিত্তিতে কয়েকটি অঞ্চলে ভাগ করে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নমূলক কাজ করতে হবে। পানি, বিদ্যুৎ, গ্যাসসহ অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ওয়ার স্টপ সার্ভিস চালু করতে হবে। সব সেবা প্রতিষ্ঠানের ওয়ার্ড ভিত্তিক তথ্য পাওয়ার সুযোগ তৈরি করতে হবে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট এলাকার নাগরিক, স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন, বিভিন্ন নাগরিক--সামাজিক সংগঠনের সমন্বয়ে কমিউনিটি পুলিশি সেবার ব্যবস্থা করতে হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এসি/১৬৫৪ ঘ.
bdnews24