ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ থাকলেও সংস্কারের প্রয়োজনে কাউন্সিল করার দরকার হলে রাজনৈতিক দলগুলো সে জন্য সরকারের কাছে আবেদন করতে পারে বলে জানিয়েছেন উপদেষ্টা এবং গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যান এম এ মতিন।
মঙ্গলবার যোগাযোগ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এম এ মতিন বলেন, "রাজনৈতিক দলগুলো কাউন্সিল করার জন্য সরকারের কাছে আবেদন করলে সরকার তা বিবেচনা করবে।" (আরও তথ্যসহ)
তিনি বলেন, সরকার কারো ওপর সংস্কার-প্রস্তাব চাপিয়ে দেবে না। দলগুলো যদি চায় তবেই সংস্কার হবে। তবে দলগুলোর সংস্কারের প্রয়োজনে বা কাউন্সিল করতে সরকার কোনো অন্তর্র্বতীকালীন সময়ের জন্য জরুরি অবস্থা তুলে নেবে না বলে জানান উপদেষ্টা এমএ মতিন।
তিনি বলেন, "নির্ধারিত সময়ের মধ্যে কাউন্সিল করার জন্য দলগুলোকে প্রস্তাবও দেওয়া হবে না। তারা তাদের প্রয়োজনেই সংস্কার করবেন।"
জরুরি অবস্থার মধ্যে দলগুলোর কাউন্সিল করার উদ্যোগ বা আবেদনে জরুরি ক্ষমতা আইনের লংঘন হবে কিনা জানতে চাইলে মতিন বলেন, "এতে আইনের লংঘন হবে কিনা, তা আইন মন্ত্রণালয় পরীক্ষা করে দেখবে। পরীক্ষা করে দেখেই তারা সিদ্ধান্ত নেবে। তবে এটাও ঠিক যে, ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ হলেও তারা ঘরে বসে রাজনীতি করছেন।"
সংস্কারের নামে বিভিন্ন দলের দুর্নীতিবাজ নেতাদের তৎপরতাকে প্রশ্রয় দেয়া হচ্ছে কিনা, এমন এক প্রশ্নের জবাবে উপদেষ্টা মতিন বলেন, "সংস্কার মানেই পরিবর্তন, যা দেশ ও জাতির উন্নয়নে সহায়ক হবে। কিন্তু সংস্কারের মাধ্যমে দুর্নীতিবাজ রাজনীতিকদের পুনর্বাসন হোক, সরকার তা সমর্থন করবে না। আর কে নেতৃত্বে আসবে না আসবে, তা সেই দলের নেতাকর্মীরাই বিবেচনা করবেন। দুর্নীতিবাজ নাকি ভালো লোকেরা স্থান পাবে, তা তাদের ভাবনা।"
তিনি বলেন, তবে সরকার চায় সংস্কারের মাধ্যমে ভালো লোকেরা এগিয়ে আসুক। ভালো লোকদের রাজনীতিতে এগিয়ে আসার পরিবেশ সৃষ্টি করতে হবে। কোনো রাজনীতিকের পুনর্বাসন নয়, মানুষের কল্যাণের জন্য সরকার কাজ করছে। সরকার কালো টাকা ও পেশীশক্তির প্রভাবমুক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য চেষ্টা করছে।
বিভিন্ন সময়ে সরকারে থাকা দলগুলোর শীর্ষ নেতা বা সভাপতিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সংস্কারে তাদের বাদ দেয়ার প্রক্রিয়া চলছে, এক্ষেত্রে ওইসব দলের মহাসচিব পর্যায়ের নেতারাও একই দোষে দুষ্ট হবেন কিনা, এ প্রশ্নের জবাবে উপদেষ্টা মতিন কোনো মন্তব্য করতে অস্বীকার করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/জিএনএ/এসি/১৬৩৩ ঘ.
bdnews24