২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ মদ রাখায় মঞ্জুর ৫ বছরের কারাদন্ড

সাবেক যোগাযোগ মন্ত্রী ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান এবং ইত্তেফাকের প্রকাশক ও সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জুকে মাদক দ্রব্য আইনের মামলায় পাঁচ বছরের বিনাশ্রম কারাদণ্ড, দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় ঢাকা মহানগর চতুর্থ সহকারী দায়রা জজ সৈয়দ জাহেদ মনসুর অভিযুক্ত আনোয়ার হোসেন মঞ্জুর অনুপস্থিতিতে মামলার বিচার কাজ শেষ করে এই রায় দেন। মামলার বিচারকালে রাষ্ট্রপক্ষে মোট ৭ জনের সাক্ষ্য নেয়া হয়। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2007, 06:32 AM

Updated : 26 Aug 2022, 08:12 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক যোগাযোগ মন্ত্রী ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান এবং ইত্তেফাকের প্রকাশক ও সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জুকে মাদক দ্রব্য আইনের মামলায় পাঁচ বছরের বিনাশ্রম কারাদণ্ড, দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় ঢাকা মহানগর চতুর্থ সহকারী দায়রা জজ সৈয়দ জাহেদ মনসুর অভিযুক্ত আনোয়ার হোসেন মঞ্জুর অনুপস্থিতিতে মামলার বিচার কাজ শেষ করে এই রায় দেন। মামলার বিচারকালে রাষ্ট্রপক্ষে মোট ৭ জনের সাক্ষ্য নেয়া হয়। আনোয়ার হোসেন মঞ্জু হাইকোর্ট থেকে আগাম জামিন পেলেও অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের পর আদালতে আর হাজির হননি। তাই তাকে এ মামলায় পলাতক দেখিয়ে বিচার কাজ সম্পন্ন করা হয়। রায় ঘোষণার পর পর্যবেক্ষনে বিচারক বলেন,"আসামী একজন সাবেক আইনপ্রণেতা হয়েও স্বেচ্ছায় নিজের দখলে জেনে-শুনে মাদকগুলো রেখেছিলেন। এজন্য তার সর্বোচ্চ সাজা হওয়া উচিত ছিল। তবুও মাদকদ্রব্যের পরিমানের কথা বিবেচনা করে এ সাজা দেওয়া হলো।" (আরও তথ্যসহ) গত ০৮ মার্চ ধানমন্ডির সড়ক নং-১ - এ আনোয়ার হোসেন মঞ্জুর ২৫১ নম্বর বাড়ি তল্লাশি করে যৌথ বাহিনী অবৈধভাবে রাখা ২১ বোতল বিদেশি মদ সহ নগদ ৯ লক্ষ ১০ হাজার টাকা, একটি নকিয়া মোবাইল সেট, বিভিন্ন ব্যাংকের ১১টি চেক বই ও ২৫টি জমির দলিল উদ্ধার করে। তল্লাশির সময় মঞ্জু বাসায় ছিলেন না। ঐ ঘটনায় ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মোস্তাক হোসেন বাদি হয়ে মঞ্জুর বিরুদ্ধে ১৯৯০ সনের মাদক দ্রব্য আইনের ২২ (গ) ধারায় মামলা করেন। ধানমন্ডি থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম ২৪ মে আদালতে মঞ্জুর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। গত ০৩ জুন মঞ্জুর অনুপস্থিতিতেই আদালতে অভিযোগ গঠন করা হয়। মঙ্গলবার রায় ঘোষণার আগে আনোয়ার হোসেন মঞ্জুর আইনজীবী শামসুল কবির রায় মূলতবী রেখে সাক্ষীদের আসামি পক্ষ থেকে জেরা করার সুযোগ চান। কিন্তু মঞ্জু পলাতক থাকায় বিচারক সে আবেদন নাকচ করে দেন। মঞ্জুর আইনজীবী বলেন, আনোয়ার হোসেন মঞ্জু চিকিৎসার জন্য লন্ডনে থাকায় আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে রাষ্ট্রপক্ষের সাক্ষীদের জেরা করার সুযোগ দেয়া হলে মামলা লড়তে তিনি আসবেন । ঢাকার মহানগর সরকার পক্ষের উকিল (পিপি) এহসানুল হক এ আবেদনের বিরোধিতা করে বলেন, আইন মোতাবেক এ সুযোগ পাওয়ার অধিকার পলাতক অভিযুক্তের নেই। সুতারাং আবেদনটি নাকচ করা হোক। রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় আনোয়ার হোসেন মঞ্জুর আইনজীবী বলেন, "তার (মঞ্জু) ওই আবেদনটি বিচারকের বিবেচনা করা উচিৎ ছিল। তিনি রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করবেন।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরবি/এসি/জিএনএ/১৫১৩ ঘ.