ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে রোববার বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এদিকে মানিকগঞ্জে ট্রাকচাপায় নিহত হয়েছেন দুই পথচারী।
আমাদের মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, সকাল ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া সড়কে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাওয়াগামী একটি ট্রাকের সংঘর্ষ হয়।
এতে এক নারীসহ চার জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেন ঢাকার পুলিশ কমিশনার ইব্রাহিম ফাতেমী। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনায় আহত ২২ জনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয় বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করলে ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দিলে সকাল সাড়ে ১১টার পর গাড়ি চলাচল স্বাভাবিক হয়।
এদিকে শ্রীনগর উপজেলার বাঘড়ায় ঢাকা-দোহার সড়কে একটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন ১৭ জন।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, রোববার ভোর ঘিওর উপজেলার পুকুরিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় আলাউদ্দিন ও
সুজন চৌধুরী নামে দুজন নিহত হন।
ট্রাকটি আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহম্মেদ। তবে চালক পালিয়ে গেছে।
নিহত আলাউদ্দিনের বাড়ি ঘিওরের পুকুরিয়ায়; অন্যদিকে সুজনের বাড়ি শিবালয় উপজেলার টেপরা গ্রামে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৩২৭ ঘ.
bdnews24