ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজনৈতিক নেতৃত্ব ছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনা যাবে না। তবে দুর্বৃত্ত নেতৃত্ব নয়, অতীতে যারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ রাষ্ট্র পরিচালনায় সাফল্যের প্রমাণ দিয়েছেন, কেবল তারাই দেশকে বর্তমান সংকট থেকে উত্তরণের পথে নিয়ে যেতে পারবেন। শনিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সেমিনারে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন। দ্রব্যমূল্যের উর্ধ্ব গতি নিয়ে অন্যান্য রাজনৈতিক নেতাদের বক্তব্যেও উঠে এসেছে উৎকন্ঠা ও সঙ্কট থেকে উত্তরণের নানা সুপারিশ।
'দ্রব্যমূল্যের বেপরোয়া উর্ধ্বগতি ও রাষ্ট্রের সর্বক্ষেত্রে গড়ে ওঠা অশুভ সিন্ডিকেট প্রতিরোধ কল্পে ও কার্যকর বাজার নিয়ন্ত্রণে একটি বিকল্প প্রস্তাব' শীর্ষক সেমিনারটি আয়োজন করে সিটিজেন রাইটস মুভমেন্ট নামে একটি সংগঠন।
সেমিনারে জনাব মান্না বলেন, তার দল আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সফল হয়েছে। তারা প্রমাণ করেছেন, তাদের নেতৃত্বেই সঠিকভাবে দেশ পরিচালিত হয়েছে।
তিনি বলেন, ব্যবসায়ীরা এই সরকারের আমলে অনেক সুবিধা পেলেও কাজের কাজ কিছু হয়নি। দ্রব্যমূল্য কোনোভাবেই কমছে না।
আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক কর্ণেল (অব:) ফারুক খান বলেন, "রাষ্ট্রপরিচালনায় যারা থাকেন তারা নীতিগত সিদ্ধান্ত নেবেন। আওয়ামী লীগ দেশজ উৎপাদন বৃদ্ধির নীতিগত সিদ্ধান্ত নিয়ে খাদ্যে দেশকে স্বয়ংসম্পূর্ণ করেছিল। আর জোট সরকার উৎপাদন কমিয়ে দেশকে আমদানি-নির্ভর করেছে এবং তাদের নেতারাই আমদানির ক্ষেত্রে সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়িয়েছে।"
জাতীয় পার্টির সাবেক সাংসদ জি এম কাদের বলেছেন, "জরুরি অবস্থায়ও চাঁদাবাজি হচ্ছে। সিন্ডিকেটও সক্রিয় আছে। তিন টাকা কেজি'র পটলের দাম ঢাকায় এসে ১৫ টাকা কেন হয়ে যাচ্ছে সবাই জানেন। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু সব সরকারই দ্রব্যমূল্য বাড়লে 'আন্তর্জাতিক বাজারেও বেড়েছে'[ - এমন ব্যাখ্যা দিয়ে থাকেন। বর্তমান সরকারও তেমন ব্যাখ্যাই দিচ্ছেন।"
সেমিনারে আরো বক্তব্য রাখেন সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, মেজর (অব:) হামিদুল হোসেন তারেক বীর বিক্রম, মেজর জেনারেল (অব:) আমিন আহমেদ চৌধুরী, সিটিজেন রাইটস মুভমেন্টের মহাসচিব তুষার রেহমান প্রমুখ।
বক্তারা বিডিআর এর বিক্রয় কেন্দ্র সম্পর্কে বলেন, দোকানদারি করা বিডিআরের কাজ নয়, তাদের কাজ সীমান্ত পাহারা দেওয়া। এ কাজের জন্য টিসিবিকে শক্তিশালী করতে হবে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে টিসিবি কেবল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভূমিকাই রাখেনি, ১০০ কোটি টাকার বেশি মুনাফাও করেছে প্রতিষ্ঠানটি।
সরকারি এবং বেসরকারিভাবে বিকল্প একটি বাজার ব্যবস্থা গড়ে তোলা, সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য ছোটখাট ব্যবসায়ীদের জন্য আমদানির সুযোগ সৃষ্টি, কালোবাজারিদের শাস্তি এবং সর্বোপরি তদারকি ব্যবস্থা জোরদার করার সুপারিশও করেছেন বক্তারা।
সেমিনারে অবিলম্বে ভোক্তা অধিকার ও ভোক্তাস্বার্থ সংরক্ষণ আইন পাস করারও দাবি জানানো হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এসি/১৮০৪ ঘ.
bdnews24