২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুর নিয়ে করা হাসিনার মন্তব্যে আমুর ক্ষোভ

'সিঙ্গাপুর বসে বাংলাদেশের অবস্থা দেখলে হবে না'-- তাকে ইঙ্গিত করে শেখ হাসিনার এ মন্তব্যের জবাবে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু বলেছেন, "সিঙ্গাপুর থেকে দেশের অবস্থা বোঝা যায় না ,আমেরিকা-লন্ডন থেকে বোঝা যায়?" শনিবার সকালে শেখ হাসিনা বলেছিলেন, "সিঙ্গাপুর বসে বাংলাদেশের অবস্থা দেখলে হবে না।" দীর্ঘদিন সিঙ্গাপুর থাকার পর মঙ্গলবার দেশে ফেরেন আমু। দেশে ফিরেই তিনি দলের ভেতরে সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে প্রচার মাধ্যমে কথা বলতে শুরু করেন। শেখ হাসিনা তার সরকার-বিরোধী বক্তব্যের মাধ্যমে নিজের ও দলের 'ক্ষতি করেছেন' বলেও মন্তব্য করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2007, 10:00 AM

Updated : 26 Aug 2022, 08:11 PM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- 'সিঙ্গাপুর বসে বাংলাদেশের অবস্থা দেখলে হবে না'-- তাকে ইঙ্গিত করে শেখ হাসিনার এ মন্তব্যের জবাবে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু বলেছেন, "সিঙ্গাপুর থেকে দেশের অবস্থা বোঝা যায় না ,আমেরিকা-লন্ডন থেকে বোঝা যায়?" শনিবার সকালে শেখ হাসিনা বলেছিলেন, "সিঙ্গাপুর বসে বাংলাদেশের অবস্থা দেখলে হবে না।" দীর্ঘদিন সিঙ্গাপুর থাকার পর মঙ্গলবার দেশে ফেরেন আমু। দেশে ফিরেই তিনি দলের ভেতরে সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে প্রচার মাধ্যমে কথা বলতে শুরু করেন। শেখ হাসিনা তার সরকার-বিরোধী বক্তব্যের মাধ্যমে নিজের ও দলের 'ক্ষতি করেছেন' বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য আমু শনিবার সকালে শেখ হাসিনার সঙ্গে বঙ্গবন্ধু যাদুঘরে এক বৈঠক শেষে বাসায় ফিরে সাংবাদিকদের বলেন, "সিঙ্গাপুর যেতে তিন ঘন্টা লাগে। সেখান থেকে (দেশের) অবস্থা বোঝা যায় না। যেখানে (যেতে) ১২ ঘন্টা লাগে সেখান থেকে অবস্থা বোঝা যায়।" শেখ হাসিনার দেশে ফেরার ওপর সরকার নিষেধাজ্ঞা আরোপ করার পর তিনি আমেরিকা ও লন্ডন থেকে দেশের অবস্থা নিয়ে মন্তব্য করেছিলেন। শেখ হাসিনার সঙ্গে তার আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আমু বলেন, "আমরা উনাকে (শেখ হাসিনা) বলেছি, আপনার আমেরিকায় বক্তব্যগুলো দেয়া ঠিক হয়নি। শেখ হাসিনা জবাবে বলেছেন, যেহেতু সরকার তার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল, তাই তিনি বলেছেন। আমরা তাকে মনে করিয়ে দিয়ে বলেছি আসলে মামলা দায়ের করার আগেই কথাগুলো বলা হয়েছিল।" আমু জানিয়েছেন, তিনিসহ অন্যান্য সংস্কারপন্থী নেতা শেখ হাসিনাকে ২২ জানুয়ারির বাতিল হওয়া নির্বাচনের আগে খেলাফত মজলিসের সঙ্গে ফতোয়াকে বৈধতা দেয়ার চুক্তি সম্পাদন সম্পর্কে বলেছেন, এই চুক্তি করা ঠিক হয়নি। ৩০ এপ্রিল ডেডলাইনের মধ্যে বিগত বিএনপি-জামাত সরকারের পতনের ঘোষণা দেয়া 'চক্রান্তের সমতুল্য'। এভাবে কোনো সরকারের পতন হয়না। আমির হোসেন আমু সাংবাদিকদের বলেন, "আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান। একটি তারিখ নির্ধারণ করার অর্থ হলো, একটি চক্রান্তের অংশ হওয়া। আর আমরা তা সমর্থন করতে পারিনি। আন্দোলন একটি প্রক্রিয়া। আন্দোলনের একটি পর্যায়ে গিয়ে সরকারের পতন হয়। তারিখ দিয়ে আন্দোলন হয় না।" খেলাফত মজলিসের সঙ্গে সম্পাদিত চুক্তি সম্পর্কে তিনি বলেন, "এই চুক্তি সম্পাদন সম্পর্কে আব্দুল জলিল বলেছেন, 'নেত্রী (শেখ হাসিনা) আমাকে যেতে বলেছেন, আমি গিয়েছি। যাওয়ার পর আব্দুল্লাহ আমাকে স্বাক্ষর করতে বলেছে। আমি স্বাক্ষর করে চলে এসেছি। এটি দলীয় ফোরামে আলোচিত হয়নি।' আমরা তখনই ১৪ দলীয় অবস্থান থেকে এই চুক্তির প্রতিবাদ করেছি। " তিনি বলেন, শেখ হাসিনা বা তিনি মুখোমুখি অবস্থান নেননি। তাছাড়া আওয়ামী লীগ সংস্কার প্রস্তাব নিয়ে বিভক্ত হবে এমন কোনো সুযোগ নেই। তিনি বলেন, দলের এক নম্বর ব্যক্তি থেকে নীচ পর্যন্ত সবাই সংস্কারের পক্ষে। আর সংস্কারের কোন কোন প্রস্তাব গৃহীত হবে তা কাউন্সিলের মাধ্যমে পাশ হবে ঘরোয়া রাজনীতির উপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেলে। স্ত্রীর চিকিৎসার জন্য শনিবার আমির হোসেন আমুর আবার সিঙ্গাপুর চলে যাওয়ার কথা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসি/জিএনএ/১৫৩০ ঘ.