২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবুবাজারে জনশূন্য ক্লিনিক থেকে লাশ উদ্ধার

রাজধানীর বাবুবাজারের একটি ক্লিনিক থেকে বৃহস্পতিবার গভীর রাতে এক অজ্ঞাত পরিচয় মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় ক্লিনিক সংশ্লিষ্ট কাউকেই সেখানে পাওয়া যায়নি। পুলিশ বলছে, রোগীর অস্বাভাবিক মৃত্যুর পর ক্লিনিকের চিকিৎসহ অন্যরা পালিয়ে গিয়ে থাকতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2007, 07:19 PM

Updated : 26 Aug 2022, 08:10 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাবুবাজারের একটি ক্লিনিক থেকে বৃহস্পতিবার গভীর রাতে এক অজ্ঞাত পরিচয় মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় ক্লিনিক সংশ্লিষ্ট কাউকেই সেখানে পাওয়া যায়নি। পুলিশ বলছে, রোগীর অস্বাভাবিক মৃত্যুর পর ক্লিনিকের চিকিৎসহ অন্যরা পালিয়ে গিয়ে থাকতে পারে। কোতয়ালী থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক মোশাররফ হোসেন জানান, বাবুবাজারের সাত নম্বর কমিটিগঞ্জ লেনের বাসিন্দারা পঁচা গন্ধ পেয়ে পুলিশে খবর দিলে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে পুলিশ স্থানীয় ল্যাবকম ডায়াগনস্টিক এন্ড নার্সিং পয়েন্টে অভিযান চালায়। এসময় সেখানে কাউকে না পেয়ে ক্লিনিকের দ্বিতীয় তলার দরজা ভেঙ্গে অজ্ঞাত পরিচয় এক মহিলার (৩০) লাশ উদ্ধার করা হয়। শুক্রবার সকালে লাশটি মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়। অভিযানে নেতৃত্বদানকারী উপপরিদর্শক ফখরুল আলম বলেন, সম্ভবত রোগীর অস্বাভাবিক মৃত্যুর পর ক্লিনিকের লোকজন ভয়ে পালিয়ে যায়। তবে কীভাবে ওই মহিলার মৃত্যু হয়েছে তা তিনি বলতে পারেননি। তিনি জানান, নিহত মহিলার পরনে লাল পায়জামা ও কালো কামিজ ছিল। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি অপমৃত্যু মামলা করেছে পুলিশ। ক্লিনিকের মালিক ও সংশ্লিষ্টদের খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন ফখরুল আলম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এমএইচবি/২২১৫ ঘ.