২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ, পাবনা ও মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

ময়মনসিংহ, পাবনা ও মুন্সীগঞ্জে শুক্রবার সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত ও কমপক্ষে ১০০ জন আহত হয়েছেন। আমাদের ময়মনসিংহ প্রতিনিধি জানান, ত্রিশাল উপজেলায় ঢাকা-ময়মনসিংহ সড়কের মঠবাড়ি এলাকায় শুক্রবার দুপুর আড়াইটা দিকে একটি যাত্রীবাহী বাস ও একটি ট্যাক্সিক্যাবের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ১০ জন আহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2007, 10:43 AM

Updated : 26 Aug 2022, 08:10 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ময়মনসিংহ, পাবনা ও মুন্সীগঞ্জে শুক্রবার সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত ও কমপক্ষে ১০০ জন আহত হয়েছেন। আমাদের ময়মনসিংহ প্রতিনিধি জানান, ত্রিশাল উপজেলায় ঢাকা-ময়মনসিংহ সড়কের মঠবাড়ি এলাকায় শুক্রবার দুপুর আড়াইটা দিকে একটি যাত্রীবাহী বাস ও একটি ট্যাক্সিক্যাবের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ১০ জন আহত হন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে এদের একজন ট্যাক্সিক্যাব চালক ও অপরজন ওই গাড়িরই যাত্রী বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারাপদ শিকদার। দুর্ঘটনায় গুরুতর আহত তিন জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পাবনা প্রতিনিধি জানান, সকালে পৃথক দুটি দুর্ঘটনায় দুইজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হন। পাবনার পুলিশ সুপার এএফএম মাসুদ রব্বানী জানান, শালিখায় সকাল ১০ টার দিকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস শারমিন সরকার (২৫) নামে এক পথচারীকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। শারমিন ঘটনাস্থলেই মারা যায়। বাসটি খাদে পড়ায় আহত হন ২০ বাসযাত্রী। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। একইদিন সকাল ৭টার দিকে পাবনার বাগচিপাড়ায় নছিমন ও করিমনের মধ্যে সংঘর্ষে তফিছ উদ্দিন নামক এক ব্যক্তি নিহত হন। মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-মাওয়া মহাসড়কের লৌহজং উপজেলার দোগাছি সেতুর কাছে শুক্রবার দুপুরে নগর পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সুমন নামে একজন মারা গেছে এবং অন্তত ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত সুমনের (৩০) বাড়ি লৌহজং উপজেলার কাজিরপাগলা গ্রামে। আহতদের স্থানীয় ও ঢাকার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, বাসটি ঢাকা থেকে মাওয়া যাচ্ছিল। বৃষ্টির মধ্যে বেপরোয়া গতিতে চালাতে গিয়ে এটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বিকেলে বাসটি খাদ থেকে উদ্ধার করা হলে বাসের ভেতর থেকে সুমনের লাশ পাওয়া যায়। এদিকে দোগাছি এলাকায় শুক্রবার বিকেলে ঢাকাগামী বলাকা পরিবহনের সঙ্গে মাওয়াগামী ইলিশ পরিবহনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হন। শ্রীনগর থানার উপ-পরিদর্শক মো. হাবিব জানান, মুখোমুখি সংঘর্ষে ইলিশ পরিবহনের বাসটি রাস্তার পাশে খাদে পরে যায়। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/জেকে/১৬৪৪ ঘ.