২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রাহক সুবিধায় চট্টগ্রাম পিডিবির নানা পদক্ষেপ

গ্রাহক হয়রানি কমানো এবং 'ভৌতিক' বিল বন্ধে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2007, 08:46 AM

Updated : 26 Aug 2022, 08:10 PM

চট্টগ্রাম, জুন ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গ্রাহক হয়রানি কমানো এবং 'ভৌতিক' বিল বন্ধে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। চট্টগ্রামের বিদ্যুৎ বিতরণ কেন্দ্রগুলোতে গ্রাহকদের নানা সময়ে বিল ও সংযোগ সংক্রান্ত হয়রানির মুখে পড়তে হতো বলে ব্যাপক অভিযোগ ছিল। চট্টগ্রাম পিডিবির প্রধান প্রকৌশলী ডি কে পোদ্দার বৃহস্পতিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বকেয়া বিল ও নানা ধরনের অভিযোগ দ্রুত নিস্পত্তি করতে চট্টগ্রামে ১৭টি বিভাগীয় তদন্ত কমিটি এবং পাঁচটি সার্কেল কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো ইতিমধ্যেই কাজ শুরু করেছে। তিনি জানান, স্বল্পতম সময়ের মধ্যে গ্রাহকদের অভিযোগ খতিয়ে দেখে এসব তদন্ত কমিটি সিদ্ধান্ত নেবে। তিন সদস্য বিশিষ্ট বিভাগীয় কমিটি কোনও বিষয়ের সমাধান করতে না পারলে তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে চার সদস্যের সার্কেল কমিটি। পিডিবির কোনও কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ এলে তাও এসব কমিটি খতিয়ে দেখবে। ডি কে পোদ্দার বলেন,"সিস্টেম লস হ্রাস ও রাজস্ব আদায় বাড়াতে গৃহিত কার্যক্রমের যথাযথ বাস্তবায়নে পিডিবির কোনও কর্মকর্তা ও কর্মচারী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।" প্রধান প্রকৌশলী জানান, গড় বিল ইস্যু বন্ধ, সিবিএ কার্যালয় অপসারণসহ সুষম বিদ্যুৎ বিতরণ নিশ্চিত করতে সিডিউল অনুযায়ী লোড ম্যানেজমেন্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুৎ চুরি বন্ধ করতে টাস্কফোর্স গঠন করা হয়েছে। বিদ্যুতের খুঁটি থেকে লাইন সরানোর জন্য টিঅ্যান্ডটি এবং ক্যাবল অপারেটরদের চিঠি দেওয়া হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৪৪০ ঘ.