গাজীপুর, জুন ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বৃহস্পতিবার সকালে গাজীপুরের শ্রীপুরে আকস্মিকভাবে ছবিসহ ভোটার তালিকা তৈরির পাইলট প্রকল্প পরিদর্শন করেন।
সিইসি সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পাইলট প্রকল্পের বিভিন্ন নিবন্ধন কেন্দ্র ঘুরে দেখেন। প্রকল্পের ভোটার নিবন্ধন কেন্দ্রসমূহ পরিদর্শন করে পুরুষের চেয়ে নারীদের বেশি উপস্থিতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
এ সময় তিনি সাংবাদিকদের জানান, আগে জানিয়ে পরিদর্শনে এলে সবকিছু সাজানো-গোছানো পাওয়া যেতো। ফলে ভুলত্র"টি ধরা সম্ভব হতো না। তাই এ আকস্মিক পরির্দশন।
পাইলট প্রকল্পের কাজে ব্যস্ত কম্পিউটারে ডেটা এন্ট্রি অপারেটরদের সঙ্গে কথা বলে শামসুল হুদা জানান, একজন ভোটারের তথ্য ডেটা এন্ট্রি করা, ছবি তোলা ও আঙ্গুলের ছাপ সংগ্রহ করতে অপারেটরদের সর্বোচ্চ আড়াই থেকে তিন মিনিট সময় লাগছে।
পরিদর্শনকালে সিইসির সঙ্গে ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক সৈয়দ মিজানুর রহমান, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল জাকির হোসেন, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দিন আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন প্রমুখ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার পাইলট প্রকল্পের মোট ১২টি কেন্দ্রে নিবন্ধন চলছে।
ইউএনও কার্যালয়ের মিডিয়া সেল থেকে জানা যায়, এ পর্যন্ত ২৭ হাজার ৫৬৫টি ভোটার নিবন্ধন ফরম বিতরণ করা হয়েছে। ভোটার তালিকাভুক্ত করা হয়েছে ২২ হাজার ৪৭৭ জনকে। আর জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে ২৪ হাজার ৪৭৫টি।
শ্রীপুরের ভোটারের সংখ্যা প্রায় ৪৫ হাজার।
গত ১০ জুন এ ৩০টি ভোট কেন্দ্রে পাইলট প্রকল্পের কাজ শুরু হয়; ৩০ জুন পর্যন্ত কাজ চলার কথা থাকলেও প্রয়োজনে সময় বাড়ানো হবে বলে সিইসি জানিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/বিআর/এমআই/২০৩৫ ঘ.
bdnews24