ফরিদপুর, জুন ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলায় ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের পরানপুর গ্রামের পাঁচ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজী গোলাম সরোয়ার এ রায় দেন। আদালতের রায়ে আসামীদের এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন, শাহাদাত মাতুব্বর (৩৩), রোকন মৃধা (৩৮), মো. মাসুদ (২৪), লিটন (২৫) ও রজব আলী (৩৫)।
মামলার অপর আসামী সারোয়ারকে খালাস দেওয়া হয়েছে।
২০০৪ সালের ২৪ সেপ্টেম্বর রাত সোয়া তিনটার দিকে পরানপুরে গ্রামের আবুল কাশেম খলিফার বাড়িতে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী পারভীন বেগম বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলা করেন।
এদিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আকবর হোসেন মৃধা বৃহস্পতিবার মাদক মামলায় দোষী সাব্যস্ত করে শহরের অলিপুর এলাকার সেলিম জমাদারকে দুই বছর কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন।
২০০৬ সালের ২২ ফেব্র"য়ারি শহরের আলীপুর এলাকার হোটেল ইউনিকের সামনে থেকে সেলিমকে ১ গ্রাম হেরোইনসহ পুলিশ গ্রেপ্তার করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯১৩ ঘ.
bdnews24