ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদার বিরুদ্ধে ২ কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলাটি বিচারের জন্য সংসদ ভবনের ২ নম্বর বিশেষ জজ আদালতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এ মামলায় অভিযোগ গঠনের দিন নির্ধারিত ছিল। বিচারক মো. আজিজুল হক ২ নম্বর বিশেষ জজ আদালতে মামলাটির শুনানির নির্দেশ দিয়ে আগামী ২৫ জুন অভিযোগ গঠনের দিন ধার্য করে দেন।
এর আগে বৃহস্পতিবার সকাল ১১ টায় নাজমুল হুদাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তবে সিগমা হুদা অসুস্থতার কারণে হাজির হতে পারেননি বলে জানান তার আইনজীবি ব্যারিস্টার আজমালুল হক।
মামলার অভিযোগে বলা হয়েছে, নাজমুল হুদা এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেনের বড় ভাই ও ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার হোসেন লিমিটেডের মালিক মীর জাহির হোসেনের কাছ থেকে দুই কোটি ৪০ লাখ টাকা ঘুষ আদায় করেন। তার ধানমণ্ডির বাসায় তিনটি চেকের মাধ্যমে ঘুষের টাকা পৌঁছে দিতে বাধ্য হন মীর জাহির।
গত ১১ মার্চ দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক মো. শফিকুল ইসলাম বাদি হয়ে ধানমণ্ডি থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করেন।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি যৌথ বাহিনীর সদস্যরা নাজমুল হুদাকে তার ধানমণ্ডির বাসা থেকে গ্রেপ্তার করে।
এদিকে বৃহস্পতিবার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ ও তার স্ত্রী মনিকা দেবনাথ, সিবিএ নেতা ফিরোজ মিয়া ও তার স্ত্রী রওশন আরার বিরুদ্ধে সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা দুটি মামলা সংসদ ভবনের ১ নম্বর ও ৫ নম্বর বিশেষ জজ আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছেন মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. আজিজুল হক।
এ দুটি মামলাতেও ২৫ জুন অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৬৪৮ ঘ.
bdnews24