খুলনা, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নগরীতে আইসক্রিম কারখানা ও আমের গুদামে অভিযান চালিয়ে বুধবার পাঁচ জনকে এক মাস কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি এবং কার্বাইড মিশিয়ে আম পাকানোর অভিযোগে এ পাঁচ জনকে জরিমানা করা হয়। সে টাকা দিতে না পারায় তাদের কারাদণ্ড দেয় আদালত।
খুলনা মহানগর হাকিম মো. আতিকুল হক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন।
মো. আতিকুল হক জানান, বৃষ্টি আইসক্রিম কারখানায় ময়লা পানি, স্যাকারিন এবং অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করতে দেখে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। তা দিতে না পারায় কারখানার মালিক খোকন সরদারকে এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এছাড়্ াতৃপ্তি আইসক্রিম কারখানার কর্মচারী জাহাঙ্গীর আলম ও নুরুল আলম নামে দুই কর্মচারীকে একই অপরাধে একই সাজা দেওয়া হয়।
তৃপ্তি কারখানার মালিক খায়রুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আতিকুল হক আরও জানান, বড় বাজারে একটি আমের গুদাম থেকে ৫০০ গ্রাম বিষাক্ত রাসায়নিক কার্বাইড উদ্ধার করা হয়। কার্বাইড দিয়ে আম পাকানোর অভিযোগে জাকির হোসেন ও নাসির শেখকেও এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২১৪২ ঘ.
bdnews24