২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাবান্ধা দিয়ে দুদিন ধরে আমদানি-রপ্তানি বন্ধ

পঞ্চগড়ের সঙ্গে তেঁতুলিয়ার সড়ক যোগাযোগ পুনরায় চালু না হওয়ায় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে মালামাল আনা নেওয়া এখনও বন্ধ রয়েছে। ভারী বর্ষণে মাঝিপাড়ায় একটি কালভার্ট দেবে যাওয়ায় মঙ্গলবার থেকে এ পথে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2007, 12:23 PM

Updated : 26 Aug 2022, 08:10 PM

পঞ্চগড়, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ের সঙ্গে তেঁতুলিয়ার সড়ক যোগাযোগ পুনরায় চালু না হওয়ায় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে মালামাল আনা নেওয়া এখনও বন্ধ রয়েছে। ভারী বর্ষণে মাঝিপাড়ায় একটি কালভার্ট দেবে যাওয়ায় মঙ্গলবার থেকে এ পথে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। সিঅ্যান্ডএফ এজেন্ট শুভ এজেন্সির শফিকুর রহমান জানান, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় স্থলবন্দরের উভয় পাশে বেশ কিছু পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। পণ্য খালাস কিংবা নতুন পণ্য আনা নেওয়া যাচ্ছে না। ফলে সিঅ্যান্ডএফ এজেন্টরা আর্থিক ক্ষতির মুখে পড়েছে। স্থানীয় অধিবাসীরা জানান, ভারী বর্ষণে মাঝিপাড়ার কালভার্টটি দেবে যেতে পারে এ আশঙ্কায় সড়ক ও জনপথ বিভাগ (সওজ) বেশ কিছুদিন আগে থেকেই বিকল্প যোগাযোগ ব্যবস্থা স্থাপনের কাজ শুরু করে। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই ঝুঁকিপূর্ণ ওই কালভার্টটি দেবে যায়। এদিকে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ায় তেঁতুলিয়াসহ ওই এলাকার বাসিন্দারাও পড়েছেন দুর্ভোগে। তেঁতুলিয়ার আব্দুর রহমান, বাংলাবান্ধার ইদ্রিস আলী, ভজনপুরের হামিদুল হাসান লাবু জানান, জরুরি প্রয়োজনে প্রায় ২০ কিলোমিটার পথ ঘুরে পঞ্চগড়ে যাতায়াত করতে হচ্ছে। সড়ক বিভাগের ধীরগতির কারণেই জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা। তবে বিকল্প পথটি বৃহস্পতিবারের মধ্যে চালু করার বিষয়ে আশাবাদ প্রকাশ করেছে সড়ক বিভাগ। সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ বরণ দত্ত জানান, বিকল্প সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপনের কাজ দ্রুত গতিতে চলছে। বৃহস্পতিবারই পথটি পুরোদমে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১২ ঘ.