চুয়াডাঙ্গা, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আলমডাঙ্গা উপজেলায় বোমা বিস্ফোরণে বুধবার বেলা ১১টার দিকে এক জন নিহত ও অপর এক জন আহত হয়েছেন। নিজেদের সঙ্গে থাকা বোমার বিস্ফোরণেই তারা হতাহত হন বলে পুলিশ দাবি করছে।
বিস্ফোরণে নিহতের নাম ইন্তাজ আলী (২২)। তিনি সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের মুরাদ উদ্দিনের ছেলে। আহত বনি(২২)কে পুলিশ গ্রেপ্তার করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেওয়া বনির বক্তব্যের উদ্ধৃতি দিয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল আমিন জানান, ইন্তাজ ও বনি ব্যাগে করে বোমা নিয়ে সাইকেলে চড়ে আলমডাঙ্গা থেকে মাঝিলা গ্রামে যাচ্ছিলেন। পথে আসাননগর বাস স্ট্যান্ডের কাছে তাদের সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটে। এতে ইন্তাজ ঘটনাস্থলেই মারা যান।
বনিকে পুলিশ হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে নূরুল আমিন জানান।
তিনি আরও জানান, হতাহত দুজনেই চরমপন্থী দলের সদস্য।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০৯ ঘ.
bdnews24