২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লবী ও মুন্সীর বিরুদ্ধে অভিযোগপত্র

দুর্নীতি দমন কমিশনে সম্পদের সঠিক হিসাব না দেওয়ায় বিএনপির সাবেক সাংসদ আলী আসগর লবী ও তার স্ত্রী এবং সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, তার স্ত্রী ও দুই ছেলের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2007, 04:14 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনে সম্পদের সঠিক হিসাব না দেওয়ায় বিএনপির সাবেক সাংসদ আলী আসগর লবী ও তার স্ত্রী এবং সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, তার স্ত্রী ও দুই ছেলের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। রোববার ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্রদুটি জমা দেওয়া হয়। লবী ও তার স্ত্রী খুশনূদ লবীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছেন কমিশনের উপপরিচালক আবু সাঈদ। মঞ্জুরুল আহসান মুন্সী, তার স্ত্রী মাজেদা আহসান, দুই ছেলে রিজওয়ানুল আহসান ও রিজভিউল আহসানের বিরুদ্ধে অভিযোগপত্র দেন উপপরিচালক মো. আক্তার হোসেন। আলী আসগর লবী ও তার স্ত্রীর বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্রে ২ কোটি ৬৯ লাখ ৩৮ হাজার ৯০৭ টাকার তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে মঞ্জুরুল ইসলাম মুন্সী ও তার স্ত্রী-ছেলেদের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্রে ১ কোটি ১৭ লাখ ৯৫ হাজার ৫শ ৭৪ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে। মহানগর হাকিম জগন্নাথ দাস খোকন অভিযোগপত্রদুটি ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে পাঠানোর নির্দেশ দেন। এদিকে, সাংসদদের শুল্কমুক্ত কোটায় গাড়ি আমদানির অভিযোগে দায়ের করা মামলায় এনটিভির ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বাপ্পীকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন রিমান্ড চাওয়া হয়েছে। রোববার দুর্নীতি কমিশনের উপপরিচালক মোনায়েম হোসেন এই রিমান্ডের আবেদন করেন। মহানগর হাকিম জগন্নাথ দাস খোকন সোমবার রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেছেন। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম/পিবি/এমকে/জেকে/এমএইচবি/২২০৮ ঘ.