ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, যশোর ও জামালপুরে বজ্রপাতে রোববার তিন ভাইবোনসহ সাত জনের মৃত্যু হয়েছে।
আমাদের জামালপুর প্রতিনিধি জানান, সদর উপজেলার মোল্লাহাট গ্রামের ময়মনসিংহ সীমান্ত সংলগ্ন এলাকায় রোববার বিকেলে বজ্রপাতে তিন ভাই বোন মারা যায়।
নিহতরা হলেন, মোল্লাঘাটা গ্রামের আবদুল জব্বারের তিন সন্তান জোবায়দা (১০), মনির (৮) ও ইব্রাহিম (৬)।
আহত হোসনে আরা (১৫)কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জামালপুরের নরুন্দী থানার উপ--পরিদর্শক সামছুল হক জানান, বৃষ্টির মধ্যে জাম পাড়ার সময় বজ্রপাতে ওই তিন শিশু মারা যায়।
নিহত তিন সহোদর স্থানীয় কুঠুরাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। মোল্লাঘাটাসহ পাশের গ্রামগুলোতে শোকের ছায়া নেমে আসে।
পাবনা প্রতিনিধি জানান, বজ্রপাতে বেড়া উপজেলার নগরবাড়ি গ্রামে আসমা খাতুন এবং সুজানগর উপজেলায় আবদুল গফুরের মৃত্যু হয়।
জেলা পুলিশ সুপার মাসুদ রব্বানী মৃত্যুর খবর নিশ্চিত করেন।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি গ্রামে সকালে বজ্রপাতে মারা যান সখিনা বেগম।
একই সময় বজ্রপাতে আহত আলাপী বেগম ও শিল্পী নামে আরও দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম।
বেনাপোল প্রতিনিধি জানান, সকালে শার্শা উপজেলার শালকোনা গ্রামে রূপচান (৭০) নামে এক ব্যক্তি বজ্রপাতে মারা যান। ঘটনার সময় তিনি জমিতে কাজ করছিলেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/২১৫২ ঘ.
bdnews24