ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পানির কারণে ফুঁসে উঠছে দেশের অধিকাংশ নদ -- নদী। প্রায় সব জায়গাতেই বাড়ছে পানি। প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। তলিয়ে গেছে ক্ষেতের ফসল। সুরমা, খোয়াই, সোমেশ্বরী ও মুহুরী নদীর পানি বেশ কয়েটি স্থানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের ৬২টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ৪৮টি কেন্দ্রেই নদ --নদীর পানি বেড়েছে। মেঘনা অববাহিককায় সবগুলো নদীর পানিই বেড়েছে।
ব্রহ্মপুত্র, গঙ্গা ও দক্ষিণ -- পূর্ব পার্বত্য এলাকাতেও বেড়েছে বেশিরভাগ নদীর পানি। সুরমা নদী সুনামগঞ্জ ও কানাইঘাটে, খোয়াই নদী হবিগগঞ্জে, সোমেশ্বরী নদী দুর্গাপুরে এবং মহুরী নদীর পানি পরশুরামে বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে।
সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, রোববার সকাল নয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র -- যমুনা নদীর পানি নুনখাওয়া ও চিলামারীতে ৪১ সেন্টিমিটার, বাহাদুরাবাদে ৪৩ সেন্টিমিটার, সিরাজগঞ্জে ২৯ সেন্টিমিটার ও আরিচায় ২০ সেন্টিমিটার বেড়েছে। ধরলা নদীর পানি কুড়িগ্রামে ৫৬ সেন্টিমিটার বেড়েছে। তিস্তার পানি ডালিয়া পয়েন্টে ৪৮ সেন্টিমিটার কমলেও কাউনিয়ায় বেড়েছে ২৯ সেন্টিমিটার। পুরাতন ব্রহ্মপুত্র জামালপুরে ১১ সেন্টিমিটার এবং ঢাকায় বুড়িগঙ্গার পানি ৫ সেন্টিমিটার বেড়েছে। তবে এ অববাহিকার সব নদ--নদীর পানিই এখনো বিপদসীমার নিচে।
পদ্মা নদীর পানি পাংশায় ৩৫ সেন্টিমিটার, রাজশাহীতে ৫৩ সেন্টিমিটার, হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে ২৮ সেন্টিমিটার, গোয়ালন্দে ২০ সেন্টিমিটার এবং ভাগ্যকূলে ৯ সেন্টিমিটার বেড়েছে।
করতোয়া নদীর পানি পঞ্চগড়ে ৪৬ সেন্টিমিটার বেড়েছে। দিনাজপুরে পুনর্ভবা নদীর পানি বেড়েছে ৪৮ সেন্টিমিটার। গড়াই নদীর পানি গড়াই রেল ব্রিজে ১৮ সেন্টিমিটার এবং ফরিদপুরে কুমার নদীর পানি ২২ সেন্টিমিটার বেড়েছে।
কানাইঘাটে সুরমা নদীর পানি ১২৯ সেন্টিমিটার বেড়ে বিপদসীমোর ৫৬ সেন্টিমিটার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। সুনামগঞ্জে ৫৫ সেন্টিমিটার বেড়ে বয়ে যাচ্ছে ৭৮ সেন্টিমিটার ওপর দিয়ে। এছাড়া এই নদীর পানি সিলেটে ৬৩ সেন্টিমিটার বেড়েছে।
কুশিয়ারা নদীর পানি অমলসীদে ১০৩ সেন্টিমিটার, মনু নদীর পানি মনু রেল ব্রিজে ১৪১ সেন্টিমিটার এবং মৌলভীবাজারে ১২০ সেন্টিমিটার বেড়েছে।
খোয়াই নদীর পানি হবিগঞ্জে ২৬০ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমেশ্বরীর পানি দুর্গাপুরে ৬০ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে বয়ে চলেছে। মেঘনার পানি ভৈরব বাজারে ৭ সেন্টিমিটার বেড়েছে। গোমতী নদীর পানি কুমিল্লায় ৬০ সেন্টিমিটার বেড়েছে।
এছাড়া মুহুরী নদীর পানি পরশুরামে ২৬৫ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে যাচ্ছে। হালদা নদীর পানি নারায়ণহাটায় ২১৫, ফেনী নদীর পানি রামগড়ে ১৭০ সেন্টিমিটার বেড়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কমের পাবনা প্রতিনিধি জানান, গত কয়েকদিনের প্রবল বর্ষণে পাবনার চরাঞ্চলের ৫'শ একর জমির ফসল তলিয়ে গেছে।
পাবনার জেলা প্রশাসক গোলাম মাওলা জানান, পাবনায় গত তিন দিনের ভারী বর্ষণে শহরের নিুাঞ্চল ডুবে গেছে। এ ছাড়া পদ্মা ও যমুনার চরাঞ্চলের প্রায় ৫'শ একর জমির তিল, কাউন, চিনাবাদাম, তিশি বাদামসহ অন্যান্য ফসল ডুবে গেছে।
এ ছাড়া প্রবল বৃষ্টিপাতে শহরের শালগাড়িয়া, বেলতলা রোড, কালাচাঁদপাড়া, রাধানগর, যোগীপাড়া, দিলালপুর, গোপালপুর, সিঙ্গা, গাংকোলা, কফিল উদ্দিন পাড়া, ঘোষপুর, রামচন্দ্রপুর, শান্তিনগরের নিুাঞ্চল ডুবে গেছে। শহরের বিভিন্ন এলাকার রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
সিলেট প্রতিনিধি জানান, সিলেট ও সুনামগঞ্জে টানা বৃষ্টিতে ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে নদ --- নদীতে পানি মারাত্মক বেড়েছে। সুরমা ও কুশিয়ারাতে পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। জেলার নিুাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে, রোববার দুপুর ১২ টায় সুরমা নদী সিলেট স্টেশন পয়েন্টে বিপদসীমা ছুঁয়েছে।
সিলেট পানি উন্নয়ন বোর্ডের উপ --- বিভাগীয় প্রকৌশলী (পরিচালক, রক্ষণাবেক্ষণ) রফিকুল আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, নদীর পানি দ্রুত বাড়ছে। পানি উন্নয়ন বোর্ড সার্বক্ষনিক নজরদারি করছে।
কোথাও বাঁধ ভাঙ্গেনি। জকিগঞ্জ উপজেলার কয়েকটি জায়গায় বাঁধ ঝুঁকিপূর্ণ থাকায় মেরামত কাজ চলছে। সিলেটের পাথরকোয়ারি ও বালু মহালগুলোতে পাথর ও বালু তোলা বন্ধ রয়েছে।
প্রচুর বৃষ্টিপাতের কারণে সিলেট জেলার কানাইঘাট, জকিগঞ্জ, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তা এলাকার নিুাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। সুনামঞ্জের তাহিরপুর, ধরমপাশা, জামালগঞ্জেও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মুষলধারে বৃষ্টি অব্যাহত থাকায় সেসব জয়াগায়ও জনজীবন বিপর্যস্ত।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআরএফ/এসি/১৭৪৪ ঘ.
bdnews24