সিলেট, জুন ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- জগন্নাথপুর উপজেলার শাহারপাড়া ইউনিয়নের নারায়ণপুর গ্রাম থেকে পাঁচটি বন্দুকসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করেছে র্যাব। শনিবার গ্রামের একটি কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।
র্যাব-৯ এর সহকারী পরিচালক তৌহিদুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, গোপনে সংবাদ পেয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
তিনি বলেন, "যারা এ অস্ত্র এনেছিল, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।"
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি দোনলা বন্দুক, তিনটি বিদেশি একনলা বন্দুক, একটি দেশি একনলা বন্দুক, তিনটি পাইপগান, তিনটি বিদেশি কিরিচ, তিনটি ত্রিশূল এবং ১৬ রাউন্ড গুলি।
অস্ত্রগুলো র্যাব-৯ এর সিলেট শহরের ইসলামপুর দপ্তরে নিয়ে আসা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২২৪৮ ঘ.
bdnews24