২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক বাঘের অত্যাচারে অতিষ্ঠ সুন্দরবন সংলগ্ন ১০ গ্রামের মানুষ

সুন্দরবন থেকে লোকালয়ে ঢুকে পড়া একটি রয়েল বেঙ্গল টাইগারের কারণে আতঙ্কে দিন কাটাচ্ছে মংলা উপজেলার ১০ গ্রামের মানুষ। গত তিন মাস ধরেই বাঘটি মানুষসহ বিভিন্ন গবাদী পশু হত্যা করে চলেছে। বাঘটিকে মানুষখেকো ঘোষণার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তবে চেতনা নাশক ওষুধ এবং অভিজ্ঞ শ্যুটার না থাকায় তিন মাসেও বাঘটিকে ধরতে পারেনি বন বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2007, 01:44 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

বাগেরহাট, জুন ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সুন্দরবন থেকে লোকালয়ে ঢুকে পড়া একটি রয়েল বেঙ্গল টাইগারের কারণে আতঙ্কে দিন কাটাচ্ছে মংলা উপজেলার ১০ গ্রামের মানুষ। গত তিন মাস ধরেই বাঘটি মানুষসহ বিভিন্ন গবাদী পশু হত্যা করে চলেছে। বাঘটিকে মানুষখেকো ঘোষণার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তবে চেতনা নাশক ওষুধ এবং অভিজ্ঞ শ্যুটার না থাকায় তিন মাসেও বাঘটিকে ধরতে পারেনি বন বিভাগ। সুন্দরবন সংলগ্ন খড়মা খাল, সুরকির খাল ও গিলা খাল সংলগ্ন প্রায় ১৫ কিলোমিটার এলাকার কুড়ি হাজার মানুষকে গ্রাস করেছে বাঘের আতঙ্ক। এসব লোকালয়ের মধ্যে রয়েছে চিলা ইউনিয়নের বৈদ্যমারী, কচুবুনিয়া, জয়মনি, কাটাখালি, দক্ষিণ হলদিবুনিয়া ও দক্ষিণ চিলা এবং সুন্দরবন ইউনিয়নের জিউধরা, বাঁশতলা, গোলবুনিয়া ও বরইতলা গ্রাম। তবে বৈদ্যমারী, কচুবুনিয়া, জয়মনি, কাটাখালি গ্রামে বাঘের উৎপাত সবচেয়ে বেশি। বন্যপ্রাণী বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এবং সুন্দরবন পূর্ব বিভাগের ডিএফও এস এম শহিদুল্লাহ শনিবার এলাকাগুলো পরিদর্শন করেন। এস এম শহিদুল্লাহ বলেন, বাঘটি প্রায় তিন মাস ধরে চাঁদপাই রেঞ্জের স্টেশন জেটি থেকে জিউধরা পর্যন্ত এলাকায় দিনে এবং রাতে বিচরণ করছে। কোনভাবেই বাঘটিকে ধরা যাচ্ছে না। সুন্দরবন বিভাগের কাছে চেতনানাশক ওষুধ এবং অভিজ্ঞ শ্যুটার নেই বলে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, এপ্রিল মাসে বাঘটি জয়মণি গ্রামের সুলতান গাজীর দুটি কুকুর, মে মাসে বৈদ্যমারী বন অফিসের কাছে একটি গরু এবং সবুর শেখ, রফিক শেখ, কৃষ্ণ মণ্ডল ও জলিল খন্দকারের বাড়িতে ঢুকে কুকুর ও গরু হত্যা করে। জুন মাসেও জয়মনি গ্রামে আবু জাফরের গোয়ালে ঢুকে পাঁচটি ছাগল ও একটি বাছুর, আদম শেখের ২টি ছাগল ও একটি কুকুর, কবির শেখের দুটি ছাগল ধরে নিয়ে যায়। এছাড়া আফসার গাজীর তিনটি গরু এবং শামছুল হকের গোয়ালে ঢুকে সাতটি ছাগল হত্যা করে রেখে যায়। ২ জুন বাঘটি কৃষ্ণ মণ্ডলের বাড়িতে হানা দিয়ে তার মা ময়না মণ্ডলকে হত্যা করে। ৪ জুন রাতে কাটাখালি টহল ফাঁড়িতেও হানা দেয় বাঘটি। চিলা ইউপি চেয়ারম্যান আবু তালেব হাওলাদার জনসাধারণের স্বার্থে অবিলম্বে বাঘটিকে যে কোনও উপায়ে ওই এলাকা থেকে সরিয়ে নেওয়ার অথবা 'মানুষ খেকো' (ম্যান ইটার) ঘোষণা দিয়ে হত্যা করার দাবি জানান। পরিস্থিতি মোকাবেলায় বন বিভাগের প্রচলিত সব ধরনের ব্যবস্থা ব্যর্থ হওয়ার পরিপ্রেক্ষিতে গত ১৩ জুন সুন্দরবন সার্কেলের বন সংরক্ষক শেখ মিজানুর রহমান এবং সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ওয়াইল্ড লাইফ) জহিরুল হাসান প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে ভারপ্রাপ্ত প্রধান বন সংরক্ষকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে চিঠি দেন। তবে বাঘটিকে মানুষখেকো ঘোষণার বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানান জহিরুল হাসান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৯৩৫ ঘ.