দিনাজপুর, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দিনাজপুরে সরকারি বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাদের কোচিং ও গৃহশিক্ষকতা করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন।
অভিভাবকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে দিনাজপুরের জেলা প্রশাসক সরকারি বিদ্যালয়গুলোর সরকারি কর্মচারী আচরণ বিধিমালা অনুযায়ী জেলার সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের কোচিং ও গৃহ শিক্ষকতার ওপর এ নিষেধাজ্ঞা জারি করেছেন।
এর পর থেকেই দিনাজপুরে কোচিং ও প্রাইভেট পড়ানো বন্ধ রয়েছে।
জেলা প্রশাসক সাইফুল হাসান জানান, জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন শতাধিক অভিভাবক এ বিষয়ে পদক্ষেপ নিতে তার কাছে লিখিত অভিযোগ করেন।
তিনি জানান, গৃহ শিক্ষকতা ও কোচিং সেন্টারে শিক্ষকরা ব্যস্ত থাকায় এসব বিদ্যালয়ে লেখা-পড়া ঠিকভাবে হয় না বলে অভিভাবকরা উল্লেখ করেন।
দিনাজপুর জেলা স্কুলের প্রধান শিক্ষক আবু রায়হান মো. মিজানুর রহমান জানান, তিনি ৪ জুন জেলা প্রশাসকের লিখিত নির্দেশ পেয়ে ৫ জুন বিষয়টি তার বিদ্যালয়ের সকল শিক্ষকদের নোটিশ আকারে জানিয়ে দেন।
তবে তিনি একইসঙ্গে বলেন, কয়েকজন শিক্ষক নোটিশের বিরুদ্ধে মৌখিক প্রতিবাদ করে তার কাছে জানিয়েছেন, বেতনের অর্থে সংসার চালানো অসম্ভব। তাই স্কুলের শিক্ষকতার বাইরে গৃহ শিক্ষকতা করতে হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২১১ ঘ.
bdnews24