২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক সপ্তাহে চিনি, ডিম, পেঁয়াজ, আলুর দাম আরেক দফা বেড়েছে

চিনি, ডিম, রসুন, পেঁয়াজ, আলু, ছোলা, গুড়ো দুধ আর ব্রয়লার মুরগির দাম গত এক সপ্তাহে আরেক দফা বেড়েছে। বাংলাদেশ ট্রেডিং করপোরেশনের (টিসিবির) সাপ্তাহিক বাজারদরের তালিকা থেকে এ তথ্য পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2007, 03:49 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চিনি, ডিম, রসুন, পেঁয়াজ, আলু, ছোলা, গুড়ো দুধ আর ব্রয়লার মুরগির দাম গত এক সপ্তাহে আরেক দফা বেড়েছে। বাংলাদেশ ট্রেডিং করপোরেশনের (টিসিবির) সাপ্তাহিক বাজারদরের তালিকা থেকে এ তথ্য পাওয়া গেছে। টিসিবির তালিকায় চালের দাম অপরিবর্তিত ও সয়াবিন তেলের দাম লিটার প্রতি এক টাকা কমার কথা উল্লেখ করা হলেও খুচরা বাজারে এই তথ্যের সমর্থন পাওয়া যায়নি। সরেজমিনে বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সয়াবিনের খুচরামূল্য গত এক সপ্তাহ ধরে অপরিবর্তিত রয়েছে এবং খোলা বাজারে চালের দাম কেজিতে এক টাকা বেড়েছে। ব্যাবসায়ীরা জানান, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম কমার প্রভাব পাইকারি বাজারে পড়লেও খুচরা বাজারে এখনো দাম কমেনি। পুরান ঢাকার মৌলভীবাজারের ব্যবসায়ী মোজাহিদুল ইসলাম হীরা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাইকারি বাজারে মণপ্রতি খোলা সয়াবিনের দাম ১০০ টাকা কমেছে। কিন্তু বোতলজাত সয়াবিনের দাম না কমায় খোলা সয়াবিনের দাম কমছে না।" অবশ্য দুই একদিনের মধ্যে খুচরা বাজারে সয়াবিনের দাম কেজিতে ২ টাকা পর্যন্ত কমতে পারে বলে জানান তিনি। টিসিবির বৃহস্পতিবারের বাজারদরের তালিকায় সয়াবিনের দাম লিটার ৬৯--৭০ টাকা দেখানো হয়েছে। গত সপ্তাহের দাম দেখানো হয়েছে ৭০--৭১ টাকা। এদিকে হাতিরপুল বাজারের চাল বিক্রেতা আলাউদ্দিন জানান, দিন পনের আগে চালের দাম কেজিতে প্রায় ১ টাকা কমলেও টানা বৃষ্টির কারণে কয়েকদিন আগে চালের দাম কেজিতে ১ টাকা বেড়ে গেছে। মৌলভীবাজারের চাল ব্যবসায়ী মনির হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, পাইকারি বাজারে চালের দাম মণপ্রতি গড়ে ২৫ টাকা বেড়েছে। নতুন চাল বাজারে আসা শুরু করলেও উত্তরাঞ্চলের জেলাগুলোতে সরকার চাল কিনে নেওয়ায় সরবরাহ কিছুটা কম। তাছাড়া টানা বৃষ্টিতে সরবরাহ ব্যাহত হওয়ায় দাম বেড়েছে বলে জানান তিনি। অবশ্য বাবু বাজারের বাদামতলী চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী নিজাম উদ্দিন বলেন, চালের দাম বাড়েনি। বরং সপ্তাহ দুয়েক আগে নতুন চাল আসা শুরু করায় দাম কিছুটা কমেছে। এ বিষয়ে টিসিবির জনসংযোগ কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, মোহাম্মদপুর বাজার, কারওয়ান বাজার, নিউমার্কেট, মৌলভীবাজার, ঠাঁটারী বাজার, ফরিরাপুল বাজার, মিরপুর ১ নম্বর ও শাহজাহানপুর বাজারে পণ্যের খুচরা বিক্রয়মূল্যের গড় করে টিসিবি বাজার দরের এই তালিকা তৈরি করে থাকে। এ কারণে গড় দাম ঠিক থাকলেও বাজারভেদে দামের সামান্য পার্থক্য হতে পারে। টিসিবির তালিকা অনুযায়ী, চিনির দাম কেজি প্রতি ২৯--৩০ টাকা থেকে বেড়ে ৩০--৩১ টাকা হয়েছে। গুড়ো দুধের দাম ২ কেজির টিনে পাঁচ টাকা বেড়েছে। প্রতি কেজি পেঁয়াজের দাম ৩ টাকা বেড়ে ১৮--২০ টাকা হয়েছে। ডিমের হালি ১৬--১৭ টাকা থেকে বেড়ে ১৭--১৮ টাকা হয়েছে। আলুর দাম কেজিতে ১টাকা বেড়ে ১৯--২০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম ৮৫ টাকা থেকে বেড়ে ৯০ টাকা হয়েছে। রসুনের দাম কেজিতে ৪ থেকে ৬ টাকা পর্যন্ত বেড়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/জেকে/এমএইচবি/২১২৩ ঘ.