চুয়াডাঙ্গা, জুন ১৪(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত নয়টি পত্রিকার অনুমোদন (ডিক্লেরেশান) বাতিল করেছে জেলা প্রশাসন। এর মধ্যে রয়েছে ছয়টি দৈনিক ও তিনটি সাপ্তাহিক পত্রিকা।
গত ১৩ জুন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল মান্নান স্বাক্ষরিত দুটি স্মারকে পত্রিকাগুলোর অনুমোদন বাতিল করা হয়।
স্মারকে পত্রিকাগুলোর বিরুদ্ধে অনিয়মিত ও সংশ্লিষ্ট বিভাগের অনুমতি ছাড়া প্রকাশনা এবং মুদ্রণালয় ও প্রকাশনার স্থান পরিবর্তন করার অভিযোগ আনা হয়েছে।
জেলা প্রশাসকের জুডিশিয়াল শাখা থেকে জানানো হয়েছে, বাংলাদেশ প্রেস এন্ড পাবলিকেশন্স অ্যাক্টের ৮ ও ১০ ধারা মোতাবেক অনুমোদন বাতিল করা হয়েছে।
অনুমোদন বাতিল হওয়া দৈনিক পত্রিকাগুলো হলো--- জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সরদার আলী হোসেন সম্পাদিত প্রতিদিন খাসখবর, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তছিরুল আলম মালিক ডিউক সম্পাদিত দৈনিক আকাশ খবর, শিরিন ফেরদৌস সম্পাদিত দৈনিক ভোরের খবর, জেড আলম সম্পাদিত অন্য আলো, আনোয়ার হোসেন সম্পাদিত প্রথম রাজধানী এবং অধ্যাপক শেখ সেলিম সম্পাদিত দৈনিক চুয়াডাঙ্গা বার্তা।
সাপ্তাহিক পত্রিকা তিনটি হলো- সাহেদুজ্জামান খোকন সম্পাদিত চুয়াডাঙ্গা জেলা খবর, জেড আলম সম্পাদিত আমাদের খোঁজখবর এবং ডা. শাহাব আলী সম্পাদিত চুয়াডাঙ্গা সমাচার।
তবে বৃহস্পতিবার সংশ্লিষ্ট পত্রিকাগুলোর সম্পাদকরা জানান, তারা কেউই জেলা প্রশাসনের ওই নির্দেশ হাতে পাননি।
জেলা প্রশাসক আব্দুল মান্নান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সংশ্লিষ্ট পত্রিকাগুলোর সম্পাদক, প্রকাশক বরাবর সেগুলোর দপ্তরে ও প্রেসক্লাবে বুধবারই পত্র পাঠানো হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এনএনএইচ/এসডি/২০৪৮ ঘ.
bdnews24