২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

সাতক্ষীরায় দুটি পৃথক মামলায় একজনের মৃত্যুদণ্ড এবং আরেকজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। বুধবার এ দু'টি মামলার আদেশ দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2007, 04:56 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

সাতক্ষীরা, ১৩ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- সাতক্ষীরায় দুটি পৃথক মামলায় একজনের মৃত্যুদণ্ড এবং আরেকজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। বুধবার এ দু'টি মামলার আদেশ দেওয়া হয়। যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে আবু সাত্তার গাইন (২৫) এর ফাঁসির আদেশ দেন সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. মোতাজিদুর রহমান। আবু সাত্তার গাইন সদর উপজেলার বয়ারডারা গ্রামের আকবর আলী গাইনের ছেলে। এ মামলায় অপর ৬ আসামীকে বেকসুর খালাস দেওয়া হয়। মামলার অভিযোগে বলা হয়, ২০০৩ সালের ১৭ অক্টোবর রাতে যৌতুকের দাবিতে আবু সাত্তার ও তার পরিবারের সদস্যরা মিলে জোহরা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় জোহরা খাতুনের বাবা দলিল উদ্দীন সদর থানায় আবু সাত্তারসহ সাত জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছিলেন। এদিকে সাতক্ষীরায় জরুরি বিধিমালার একটি মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা হয়েছে। অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত মোকছেদ আলী (২১) সদর উপজেলার ভোমরা গ্রামের আয়জদ্দীন মিস্ত্রির ছেলে। মামলার বিবরণে জানা গেছে, সাতক্ষীরা বিডিআর-৪১ রাইফেল ব্যাটালিয়নের জওয়ানরা এ বছরের ২০ মার্চ ১৮৩ বোতল ফেন্সিডিলসহ মোকছেদ আলীকে ভোমরা থেকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২২৫৬ ঘ.