সাভার, ১৩ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে বুধবার দুপুরে টিঅ্যান্ডটির ভূগর্ভস্থ লাইনের ১০ লাখ টাকা মূল্যের তার উদ্ধার করেছে পুলিশ। তার চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পাঁচ জনকে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, গোপান সংবাদের ভিত্তিতে দুপুর ১টার দিকে নবীনগর--কালিয়াকৈর সড়কের বাইপাইল মোড়ে একটি একটি পিক-আপ ভ্যান ও একটি মিনিবাসে তল্লাশি চালিয়ে ওই তার উদ্ধার করা হয়। ওই সময় গ্রেপ্তার করা হয় আল আমিন (২০) ও জহিরুল ইসলাম কাজল (১৯) নামে দুজনকে।
পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ সন্ধ্যায় আশুলিয়া এলাকা থেকে ফিরোজ (২২), রেজাউল (২৫) ও আলাল (২৮) কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা তার চুরির কথা স্বীকার করেছে বলে কামরুল ইসলাম জানান। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২২৭ ঘ.
bdnews24